কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সুইসকন্ট্যাক্টের সঙ্গে কাজ করছে আইএফআইসি
কর্মসূচির আওতায় ৫০০টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কৃষককে আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, বলছে ব্যাংক কর্তৃপক্ষ।
বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা সুইসকন্ট্যাক্টের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে আইএফআইসি ব্যাংক।
শনিবার ব্যাংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এ উদ্যোগের মাধ্যমে কৃষক, কৃষিভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান এবং রপ্তানিকারকদের আন্তর্জাতিক মানদণ্ড পরিপালন, সরবরাহব্যবস্থা শক্তিশালীকরণ ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
“বিশেষ গুরুত্ব দেওয়া হবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাথমিক পর্যায়ে যশোর ও নরসিংদীর কৃষি ক্লাস্টারগুলোতে এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এসব এলাকার কৃষকদের উন্নত কৃষি চর্চা, জলবায়ু-সহনশীল কৃষি, ফসল সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা এবং নিরাপদ কীটনাশক ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
“অপরদিকে রপ্তানিকারকদের এসপিএস মানদণ্ড পরিপালন, হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস (হাসপ), সনদ অর্জন, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত এবং পণ্যের উৎস শনাক্তকরণে সহায়তা দেওয়া হবে।”
আইএফআইসি ব্যাংক বলছে, কর্মসূচির আওতায় ৫০০টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কৃষককে আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, ১৫ রপ্তানিকারককে সনদ অর্জনের প্রস্তুতিতে সহায়তা করা, আইএফআইসি ব্যাংকে ৫০০টি নতুন হিসাব খোলা এবং অন্তত ১০০টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে অর্থায়ন পণ্যের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”
