২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৃঙ্খলাভঙ্গে রংপুর আওয়ামী লীগ সভাপতির অব্যাহতি

তাকে কেন দলের এই পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তার কারণও জানাতে বলা হয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2022, 12:27 AM

Updated : 20 Nov 2022, 03:20 AM

রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে কেন তাকে দলের এই পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না ১৫ দিনের মধ্যে তার কারণ জানাতে বলা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ইলিয়াস আহমেদ সাংবাদিকদের জানান, জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া এবং ১৫ দিনের মধ্যে কারণ দর্শনোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

তবে মমতাজউদ্দিন আহমেদের অবর্তমানে সংগঠনের সভাপতির দায়িত্ব কে পালন করবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ইলিয়াস।

তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে সহ-সভাপতি এই দায়িত্ব পালন করার কথা।

দলের নেতারা জানান, সম্প্রতি জেলা আওয়ামী লীগের ৫৩ জন সদস্য সভাপতি মমতাজউদ্দিন আহমেদের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে চিঠি দেন।

এই চিঠির পরিপ্রেক্ষিতে দলের নেতৃবৃন্দের পরামর্শে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল কমির রাজু এই সাধারণ সভা আহ্বান করেন।

এ বিষয়ে মমতাজউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, শনিবারের সভাটি করা হয়েছে আমাকে না জানিয়ে। যে সময় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের মধ্যেকার সব ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন, দেশের এই ক্রান্তিকালে তখন এমন ঘটনা নেত্রীর বিরোধিতার সামিল।

এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে তিনি যোগাযোগ করছেন বলে জানান।