কুমিল্লায় ১৫টি চোরাই গাড়ি উদ্ধার, আটক ১২
আটকদের কাছ থেকে সাতটি অটোরিকশা, ছয়টি ইজিবাইক এবং দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
কুমিল্লায় ১৫টি চোরাই গাড়িসহ ১২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্য, আটকরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।
বুধবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।
আটকরা হলেন- মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের হেমায়েত উল্লাহ মনির, জেলা সদরের জালাল উদ্দিন, লাকসাম উপজেলার শ্রিয়াং গ্রামের অহিদুর রহমান, নবীনগর উপজেলার বারাইল গ্রামের নাসির উদ্দিন, ভোলাচং গ্রামের সোহেল, মোল্লাকান্দি গ্রামের তৌকির হোসেন, চান্দিনা উপজেলার মহিচাইল জিনাইয়া গ্রামের আবু তাহের, দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের মোহাম্মদ ফজলু মিয়া, হোমনা উপজেলার অনন্তপুর গ্রামের বাবুল সরকার, খুলনার তেরখাদা উপজেলার আদমপুর গ্রামের ইমদাদুল হক ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কায়ামারি গ্রামের রোকনুজ্জামান।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, গত ১৭ অগাস্ট চৌদ্দগ্রাম উপজেলা থেকে একটি অটোরিকশা চুরি হয়ে যায়। এ ঘটনায় চালক মামলা করলে প্রথমে চোরচক্রের হোতা হেমায়েতকে আটক করা হয়।
পরে হেমায়েতকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাতটি চোরাই অটোরিকশা, ছয়টি ইজিবাইক এবং দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ সুপার আরও বলেন, “এ চক্রের সদস্যরা কুমিল্লার বিভিন্ন স্থান থেকে এসব যানবাহন চুরি-ছিনতাই করে। পরে গাড়িগুলো গ্যারেজে নিয়ে নম্বর প্লেট খুলে, বডি ও রং পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করত।
সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া উপস্থিত ছিলেন।
