১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নৌকা পাইনি, কিন্তু আমি একজন মাঝি: মাহিয়া মাহি

“আমার বিশ্বাস, আমি বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী মায়ের মমতায় বরণ করে নেবেন।” 

নৌকা পাইনি, কিন্তু আমি একজন মাঝি: মাহিয়া মাহি

মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 05:59 PM

Updated : 12 Dec 2023, 09:53 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পাওয়ার পর এলাকার মানুষের পীড়াপীড়িতে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মাহি বলেন, “নৌকার প্রার্থীকে হারিয়ে জিতব বিষয়টি ওইভাবে নিচ্ছি না। কারণ, আমি নিজে মনেপ্রাণে আওয়ামী লীগকে ধারণ করি। আমি নৌকা পাইনি, কিন্তু আমিও একজন মাঝি।

“সেখানে আরও একজন নৌকার মাঝি আছেন। তাদের মধ্যে ভোটার ভোট দিয়ে যাকে জয়ী করবেন, সেই আসলে নৌকার মাঝি হবেন। বিষয়টি ওইভাবে ধরেই আমি এগোচ্ছি।

স্বতন্ত্র এই প্রার্থী বলেন, “আমি শতভাগ আশাবাদী আমার জনপ্রিয়তা দিয়ে জনগণের শাসক নয়, সেবক হব। আর এলাকার মানুষকে আমি সেবা দেব। আমার বিশ্বাস, আমি বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী মায়ের মমতায় বরণ করে নেবেন। 

এ সময় এক প্রশ্নের জবাবে চিত্রনায়িকা বলেন, “রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ দুটোই আমার এলাকা। দুই জায়গায় আমার বেড়ে ওঠা, বড় হওয়া। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এলাকার মানুষের জন্যই। তারা জোর করে বলেছে আমাকে নির্বাচন করতে হবে। তাদের পীড়াপীড়িতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।”

মাহিয়া মাহি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেন। কিন্তু গরমিলের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান।