২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ-৫: এমপি হতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ ছাড়লেন সাবেক মন্ত্রী

সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2023, 04:30 PM

Updated : 29 Nov 2023, 04:30 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র পদে লড়তে জেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়লেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। 

বুধবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিয়া সুলতানা কেয়ার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে মঙ্গলবার জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি। 

সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। 

আব্দুল লতিফ বিশ্বাস বলেন, “দলীয় মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উন্মুক্ত প্রার্থীতা ঘোষণা অনুযায়ী এবং নির্বাচনী এলাকার তৃণমূল দলীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবো।” 

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসন থেকে ১৯৯৬ প্রথমবার আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

এরপর ২০০৮ সালে দ্বিতীয়বার নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।