২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে পানির ট্যাংকে চাপা পড়ে শিশুর মৃত্যু

রাস্তার পাশে খেলা করার সময় দুই শিশু ট্যাংকের নিচে চাপা পড়ে বলে জানিয়েছে পুলিশ।

নীলফামারীতে পানির ট্যাংকে চাপা পড়ে শিশুর মৃত্যু

নীলফামারীর কচুকাটা ইউনিয়নের বাবুর বাজারে ট্রাক্টরের চাকা দেবে সড়কের পাশে পানির ট্যাংক পড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2023, 07:38 PM

Updated : 31 Mar 2023, 07:38 PM

নীলফামারী সদর উপজেলায় পানির ট্যাংকে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিশু আহত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজারে ট্রাক্টরে ট্যাংক বসিয়ে সড়কে পানি দেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুক্তারুল আলম জানান।

নিহত চার বছর বয়সী আল আমিন ওই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মো. মোকাদ্দেছুর রহমানের ছেলে। আহত মিশুর নাম মোমিন বাবু (৪)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর বরাতে পরিদর্শক (তদন্ত) মো. মুক্তারুল আলম বলেন, উপজেলার পঞ্চপুকুর থেকে কিশোরগঞ্জ উপজেলায় সড়ক নির্মাণের কাজ চলছে। এ জন্য ট্রাক্টরে পানির ট্যাংক বসিয়ে সড়কে পানি ছিটানো হচ্ছিল।

“বাবুর বাজারে পানির ট্যাংক বহনকারী ট্রাক্টরের একটি চাকা দেবে গেলে ট্যাংকটি পড়ে যায়। এ সময় রাস্তার পাশে খেলা করা দুই শিশু ট্যাংকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যায়।”

এ ঘটনায় ট্রাক্টর চালককে আটকের কথা জানিয়ে পরিদর্শক (তদন্ত) মুক্তারুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।