কিশোরগঞ্জে বিয়েতে কাঁচা মরিচ উপহার, চাঞ্চল্য
“এ ছাড়া এটি কাঁচা মরিচের দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদও বটে।”
কিশোরগঞ্জে বিয়ের অনুষ্ঠানে কাঁচা মরিচ উপহার দেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামে এক বিয়েতে এ ঘটনা ঘটে।
গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌভাতের অনুষ্ঠানে এক কেজি কাঁচা মরিচ উপহার দিয়েছেন তার বন্ধুরা।
বরের বন্ধু এস এম রায়হান বলেন, “দেশে যে হারে কাঁচা মরিচের দাম বেড়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচা মরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলেই মনে হয়েছে।
“এ ছাড়া এটি কাঁচা মরিচের দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদও বটে।”
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাসহ বিভিন্ন বাজারে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
বিয়ের অনুষ্ঠানে কাঁচা মরিচ উপহারের ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং আলোচনার জন্ম দেয়।
বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান বলেন, “আমাদের বৌভাত অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছে। তবে মাহমুদুরের বন্ধুদের কাঁচা মরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ।
“তাদের এ প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি”, বলেন খলিলুর।
