১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বিয়ের সাজে পিস্তল হাতে ফারিণ, আসছে ‘ডাকাতিয়া বাঁশি’

“সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি,” বলেন নির্মাতা ইমরাউল রাফাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 04:40 PM

Updated : 10 Nov 2026, 04:40 PM

বন্দুকধারী ডাকাতদের মাঝে অভিনেত্রী তাসনিয়া ফারিণ, ডাকাতদের সঙ্গে তার সম্পর্ক কী?এই রহস্যের শেষ কোথায়? এমনই এক গল্পে ডার্ক কমেডি ঘরানারা ওয়েব সিরিজ নির্মাণ করছেন ইমরাউল রাফাত।

সিরিজের নাম ‘ডাকাতিয়া বাঁশি’। ফারিণের সঙ্গে অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, পার্থ শেখ, ইশতিয়াক আহমেদ রুমেল।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিরিজটি। মঙ্গলবার প্লাটফর্মটির ফেইসবুক পেইজে সিরিজটির বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে।

সেখানে দেখা গেছে, বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণের হাতে পিস্তল, আর তাকে ঘিরে বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন তিন অভিনেতা।

বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, সিরিজটির শুটিং চলছে, শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে বেশ কিছুদিন পর ওটিটি সিরিজে ফিরছেন নির্মাতা ইমরাউল রাফাত। তিনি বলেন, “সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে রহস্য থাকা লাগে, লেয়ার থাকা লাগে। আমরা সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে।”

এবার ডার্ক কমেডি ঘরানার গল্প বেছে নেওয়ার কারণ জানিয়ে রাফাত বলেন, “সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা।”

সিরিজে ক্যামেলিয়া চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। সিনেমার কাজে ব্যস্ত থাকায় মাঝখানে সিরিজে দেখা যায়নি তাকে। নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী।

ফারিণ বলেন, “আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মত চরিত্রটাও একটু আনকমন। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে।”

ওটিটিতে থ্রিলার ও মার্ডার মিস্ট্রির বাইরে ভিন্ন ঘরানার কাজ করতে চেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, “সিরিজে আমার কখনও কমেডি করা হয়নি, এটা হতে ফার্স্ট টাইম। থ্রিলার, মার্ডার-মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও রিফ্রেশ হবে, নতুন কিছু হবে আমার জন্যও।”

সিরিজে পার্থ শেখের চরিত্রেও রয়েছে ভিন্নতা। চরিত্রটির মনস্তত্ত্ব ও নানা দিক নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার জন্য নতুন বলে জানিয়েছেন এই অভিনেতা।

তিনি বলেন, “চরিত্রের এমন কিছু লেয়ারস আছে যা আগে কখনো ডিল করি নাই। প্রতিদিন স্ক্রিপ্ট পড়ে পড়ে দেখছি যে অভিনয়ের কোন জায়গাটায় কী করা যায়।”

গল্পে পারিবারিক আবহের উপস্থিতিও ভালো লাগার জায়গা বলে জানিয়েছেন অভিনেতা আরফান মৃধা শিবলু।

‘ডাকাতিয়া বাঁশি’তে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “ওটিটিতে ডার্ক থ্রিলার ও মিস্ট্রি ঘরানার কাজ নিয়মিত দেখা গেলেও ডার্ক কমেডি তুলনামূলক কম। সেই জায়গা থেকেই নতুন ঘরানার এই সিরিজটি দর্শকদের সামনে আনার উদ্যোগ নিয়েছে চরকি।”

চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা জানিয়েছেন, ‘ডাকাতিয়া বাঁশি’ থ্রিলার নয়, তবে গল্পে দর্শকদের জন্য চমক রয়েছে।