গোপালগঞ্জের সড়কে মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত
বায়োজিত ঢাকায় দুলাভাইয়ের কাছে বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার রাতে তারা ঢাকা থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
গোপালগঞ্জে সদর উপজেলায় ঘন কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। যারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া নামক স্থানে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম।
নিহতরা হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাওলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মো. আবু বকর সিকদারের ছেলে মারুফ বিল্লাহ সিকদার (৩২) এবং তার শ্যালক একই উপজেলার ভুয়াতুলা গ্রামের আলমগীর তালুকদারের ছেলে বায়োজিত তালুকদার (১৮)।
মারুফ গোল্ডেন ট্রেড কোম্পানির মুন্সিগঞ্জ এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন। আর বায়োজিত মোড়েলগঞ্জ গুলিশাখালী ফাজিল মাদ্রাসা থেকে এই বছর দাখিল পরীক্ষায় অংশ নেন।
পরিদর্শক খান শরিফুল জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালক-দুলাভাইয়ের মোটরসাইকেলটি চন্দ্রদিঘলিয়ায় রাস্তার পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দু’জনেই ঘটনাস্থলে নিহত হন।
“ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে স্থানীয়রা রাস্তার পার্শ্ববর্তী খাদে লাশ দু’টি পড়ে থাকতে দেখে আমাদের ফোন দেয়। পরে হাইওয়ে পুলিশ গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে লাশ দু’টি উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”
নিহত বায়োজিতের ভাই সোয়াইব তালুকদার বলেন, তার দুলাভাই মারুফ ঢাকার কদমতলী এলাকার তুষারধারা আবাসিক এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তিনি ওমরাহ হজ্ব করতে যাবেন। তাই পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে অবস্থান করছেন।
“বায়োজিত ঢাকা দুলাভাইয়ের কাছে বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার রাত ৯টা থেকে ১০টার দিকে দুলাভাই বায়োজিতকে নিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সকালে আমরা জানতে পারি তারা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।”
