হবিগঞ্জে বকেয়ার দাবিতে চা শ্রমিকদের মহাসড়ক অবরোধ
তিনদিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতি ও বৃহত্তর আন্দোলনের হুমকি দেন চা শ্রমিকরা।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বকেয়া পরিশোধসহ কয়েক দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা।
বুধবার দুপুরে উপজেলার ইমাম ও বাওয়ানী বাগানের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন।
পরে সেখানে দুই বাগানের প্রায় শতাধিক শ্রমিক অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
চা শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- বকেয়া মজুরি পরিশোধ, বোনাস, উৎসবভাতা, ভবিষ্যৎ তহবিলের বকেয়া টাকা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিত করা।
শ্রমিকদের অভিযোগ, ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থ বছরের এরিয়া বিল বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না।
এ ছাড়া ভগ্ন-জীর্ণ বাসস্থানের কারণে চা শ্রমিকদের রোদ-বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয়। ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত তারা।
আগামী তিনদিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত রাখাসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দেন চা শ্রমিকরা।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, বালিশিরা ভ্যালির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভাশিস দাশ, মাদারল্যান্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ তালুকদারসহ আরও অনেকেই।
