Published : 27 Oct 2023, 04:19 PM
সিরাজগঞ্জ জেলায় পুলিশের অভিযানে বিএনপি ও জামায়াতের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত চলা এসব অভিযানে সিরাজগঞ্জ সদরে ছয়, তাড়াশে দুই এবং রায়গঞ্জ, কাজিপুর, এনায়েতপুর, বেলকুচি ও চৌহালী থানায় একজন করে নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট থানার ওসিরা জানিয়েছেন।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত চলা অভিযানে বিএনপি ও জামায়াতে ইসলামীর ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন, সদর থানা বিএনপির সহ-সভাপতি সানোয়ার হোসেন (৬০), শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা সরকার (৬৫), টুপা সরকারের ছেলে বিএনপি কর্মী সুমন সরকার (৩৯), রতনকান্দি ইউনিয়ন বিএনপির কর্মী নয়ন (৩৯) ও মানিক (২২) এবং শিয়ালকোল ইউনিয়নের বিলধলি গ্রামের জামায়াত কর্মী আশরাফুল আলম (৩৫)।
রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চান্দাইকোনা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
একই রাতের অভিযানে বারুহাস ইউনিয়ন জামায়াতের আমীর আবুল বাশার ও তাড়াশ উপজেলা যুবদলের সদস্য সোহেল রানা তালহাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে চন্দনগাঁতি এলাকায় অভিযান চালিয়ে বিএনপি কর্মী গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, বৃহস্পতিবার রাতে নিশ্চিন্তপুর এলাকা থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার চাকলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
চৌহালী থানার ওসি হারুন-অর-রশিদ জানান, অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।
এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, খুকনী ইউনিয়নের খোকশাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।