২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা বঙ্গবন্ধুকে সর্বজনীন বানাতে পারি নাই’

“বঙ্গবন্ধু কোনো গোষ্ঠীর নয়, দলের নয়, পরিবারের নয়; সমগ্র বাংলাদেশের নেতা হলেন শেখ মুজিবুর রহমান।”

‘আমরা বঙ্গবন্ধুকে সর্বজনীন বানাতে পারি নাই’

টাঙ্গাইলে জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তব্য দেন কাদের সিদ্দিকী।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 11:57 PM

Updated : 30 Aug 2023, 11:56 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের সর্বজনীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়নি বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

তিনি বলেন, “আমাদের ব্যর্থতা আছে, আমরা বঙ্গবন্ধুকে সর্বজনীন বানাতে পারি নাই। আওয়ামী লীগেরও ব্যর্থ্যতা আছে, তারা বঙ্গবন্ধুকে কেবল দলীয় নেতা বানিয়েছে। অথচ বঙ্গবন্ধু কোনো গোষ্ঠীর নয়, দলের নয়, পরিবারের নয়; সমগ্র বাংলাদেশের নেতা হলেন শেখ মুজিবুর রহমান।”

বুধবার বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন ।

মানুষের সেবার মাধ্যমে জীবন কাটাতে চান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, “যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, যেন এই দেশের মানুষ নিরাপদে থাকে।”

এসময় ক্ষমতাসীন সরকারের নানা সমালোচনা করেন তিনি।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী।

কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য এ এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী।

আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়সার চৌধুরী), কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুরসহ অন্যরা।