মানিকগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী মমতাজকে শোকজ
আগামী সোমবার দুপুরের মধ্যে লিখিতভাবে শোকজের জবাব চাওয়া হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমকে শোকজ করেছে নির্বাচনি তদন্ত কমিটি।
শনিবার তদন্ত কমিটির প্রধান, মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা এ শোকজ করেন।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিয়া বলেন, “তাকে (মমতাজ বেগম) শোকজ করা হয়েছে।”
শোকজে বলা হয়, সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন মমতাজ বেগম। ভোটের তিন সপ্তাহ আগে এ ধরনের প্রচারণা নির্বাচনি আচরণবিধি ভঙ্গের শামিল।
নোটিসে আরও বলা হয়, আচরণবিধি ভঙ্গের কারণে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদন পাঠানো হবে না, এই মর্মে আগামী সোমবার দুপুর ১২টার মধ্যে নির্বাচনি তদন্ত কমিটির কার্যালয়ে মমতাজ বেগমকে সশরীরে অথবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
