আলুর ক্ষেতে ‘লেট ব্লাইট’, ওষুধ ছিটিয়েও নিস্তার নেই
কৃষকদের যেখানে দিশেহারা অবস্থা, সেখানে কৃষি বিভাগ বলছে, ‘রোদ উঠলেই’ সমস্যার সমাধান হয়ে যাবে।
ঘন কুয়াশা আর তীব্র শীতে বগুড়া ও রংপুরে আলুক্ষেতের পচন রোগ ‘লেট ব্লাইটের’ আক্রমণ হয়েছে।
নিয়মিত কীটনাশক স্প্রে করেও সমাধান না মেলায় বগুড়ার কৃষকদের যেখানে দিশেহারা অবস্থা, সেখানে কৃষি বিভাগ বলছে সমস্যার সমাধান মিলবে ‘রোদ উঠলে’।
এদিকে সার-কীটনাশকের পাশাপাশি ‘লেট ব্লাইট’ দমনে স্প্রে কিনতে ‘বাড়তি খরচ’ মরার উপর খাঁড়ার ঘা হয়েছে দাঁড়িয়ে রংপুরের কৃষকের জন্য।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ জানান, জেলায় গত বছর ৪৩ হাজার ২১৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল; এবার বেড়ে ৫৫ হাজার ২৫০ হেক্টর জমিতে হয়েছে। কিন্তু ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে আলুর ক্ষেতে লেট ব্লাইট দেখা দেওয়ায় কৃষকরা বিপাকে পড়েছেন।
আলু উৎপাদনে বৃহত্তর অঞ্চল বগুড়ার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, লেট ব্লাইট রোগ ধরায় আলুর ক্ষেতের পাতা ও ডগা এরইমধ্যে পচতে শুরু করেছে।
শিবগঞ্জ উপজেলার আলুর চাষি আব্দুর রশীদ জানালেন, তিনি ৫ বিঘা জমিতে আলু রোপন করেছিলেন। কিন্তু বেশিরভাগ ক্ষেতে আলুর পচন রোগ লেট ব্লাইট দেখা দিয়েছে।
“কৃষি বিভাগের পরামর্শ নিয়ে নিয়মিত কীটনাশক স্প্রে করছি, কিন্তু সমাধান হচ্ছে না। এতে আলু উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় রয়েছি। ”
কাহালু উপজেলার পাচপীড়ের আলু চাষি সামছুল হক বলেন, “আমার সব আলুর ক্ষেতে পাতা ও ডগা পচতে শুরু করেছে। পাঁচদিন ধরে কীটনাশক স্প্রে করছি, লাভ হচ্ছে না। এতে আলুর গাছ পুরোপুরি পচে যেতে পারে, আর গাছ পচে গেলে আলুর আকার বাড়বে না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হব।”
তবে সমস্যা সমাধানে কৃষকদের ‘অনুমোদিত’ কীটনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া আঞ্চলের উপ-পরিচালক সোহেল জানিয়েছেন।
এতে আলুর সমস্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে এ কৃষি কর্মকর্তা বলছেন , “কুয়াশা ও শীত কমে রোদ দেখা দিলে আলুর এ রোগ আর থাকবে না।”
এদিকে মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে টানা কয়েকদিন সূর্যের দেখা নেই রংপুর অঞ্চলে। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার দাপটের সঙ্গে যুদ্ধ করে আলুর মাঠ রক্ষার চেষ্টা করতে দেখা গেছে চাষিদের।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর জেলায় আলুর লক্ষ্যমাত্রা ৫৩ হাজার ১৮০ হেক্টর নির্ধারণ করা হয়েছে; অর্জিত হয়েছে ৫৩ হাজার ৯৩০ হেক্টর। লক্ষ্যমাত্রার থেকে এ বছর ৭৫০ হেক্টর বেশি আলুর চাষ হয়েছে।
নগরীর মহব্বত খা এলাকার চাষি মহিফুল বলেন, “কোন আলু ক্ষেতে ‘লেট ব্লাইট’ রোগ দেখা দিলে রাতারাতি পুরো ক্ষেত নষ্ট করে দেয়। পুরো পরিশ্রম আর বিনিয়োগ মাটি হয়ে যায়।
“আমার ক্ষেতে যদিও এ রোগ ধরেনি। তবে আর কয়েকদিন ঘন কুয়াশা থাকলে ধরতে পারে। রংপুরে যে পরিমাণ ঘন কুয়াশা , তাতে ক্ষেতের ক্ষতির আশঙ্কাই করছি।”
রংপুর সিটি করপোরেশন ৭ নম্বর ওয়ার্ডের কৃষক আজাহারুল ইসলাম বলেন, “আলুর সুন্দর গাছগুলো হঠাৎ করে পচারি রোগের (লেট ব্লাইট) আক্রমণে নষ্ট হতে বসেছে। খুবই দুশ্চিন্তায় পড়েছিলাম। তবে কয়েক দফায় স্প্রে করে মনে হচ্ছে, কিছুটা কমতে শুরু করেছে।”
“এমনিতেই সার ও কীটনাশকের দাম বেড়েছে। তার উপর লেট ব্লাইট দমন করার স্প্রে কেনার বাড়তি খরচে বিপাকে পড়েছি।”
পীরগাছা উপজেলার দেউতি এলাকার কীটনাশক ব্যবসায়ী জসিম বলেন, “গতবারের তুলনায় এবার আলুর আবাদ ভাল হয়েছে। কিছু কিছু এলাকায় গত সপ্তাহ থেকে পচারি রোগে আক্রমণের খবর পাচ্ছি। ওইসব এলাকার কৃষক লেট ব্লাইট দমনের ওষুধ কিনে নিয়ে যাচ্ছেন। এই রোগ দ্রুত দমন করা না গেলে তা অন্য জমিতেও ছড়িয়ে পড়বে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরে রংপুরের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, “আলু ক্ষেতের জন্য সবচেয়ে বেশির শঙ্কার কারণ ঘন কুয়াশা। ঘন কুয়াশা বেশিদিন থাকলে আলুর লেট ব্লাইট হতে পারে। এ রোগ প্রতিরোধে চাষিদের নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি।”
