০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে কুয়াশা-শীতের আমেজ, নামছে তাপমাত্রা

ভোরে কুয়াশার কারণে বাইরে বের হলে হালকা গরম কাপড় পরতে হচ্ছে, বলেন এক বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 05:25 PM

Updated : 05 Oct 2026, 05:25 PM

দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে এরই মধ্যে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। মধ্যরাতের পর বাড়ছে ঠান্ডা, ভোরে দেখা মিলছে কুয়াশা ও শিশিরের। সেই সঙ্গে কমছে তাপমাত্রা।

সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমের সর্বনিম্ন ২০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানান কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।

তিনি বলেন, এর আগে কয়েক দিন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রির মধ্যে ছিল। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাতভর বৃষ্টির পর ভোরে কুয়াশা নামে। এর সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাসে শীতের অনুভূতিও বেড়েছে।

জিতেন্দ্রনাথ রায় বলেন, শরৎকালে মৌসুমি বায়ুর পরিবর্তনের কারণে আবহাওয়ায় এমন ওঠানামা হচ্ছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় পঞ্চগড়ে শীতের অনুভূতি কিছুটা আগেই শুরু হয়। শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও প্রায়ই এ জেলায় রেকর্ড হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, কয়েক দিন ধরে ভোরে কুয়াশা পড়ছে। সকালে সড়ক ও মাঠ কুয়াশায় ঢেকে থাকছে। কোথাও কোথাও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

তেঁতুলিয়া সদর ইউনিয়নের বাসিন্দা হাফিজুর রহমান হাবিব বলেন, শরতের রেশ কাটতে না কাটতেই শীতের আমেজ শুরু হয়েছে। ভোরে কুয়াশার কারণে বাইরে বের হলে হালকা গরম কাপড় পরতে হচ্ছে।

পঞ্চগড় পৌর শহরের বাসিন্দা আলমগীর জলিল বলেন, সকালে কুয়াশার কারণে বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

বোদা পৌর শহরের ভ্যানচালক আমিনুল ও আব্দুর রহমান বলেন, কয়েক দিন ধরে সকালে কুয়াশা পড়ছে। এতে সকালে রাস্তায় যাত্রীও কমে গেছে।