ভাবি-ভাতিজাকে পুড়িয়ে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার
পুলিশ জানায়, ওই যুবক তার ভাইকে কুপিয়ে আহত করার মামলায় দীর্ঘদিন কারাবাসে ছিলেন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে ভাবি-ভাতিজাকে পুড়িয়ে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার যুবককে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ফুকরা গ্রাম অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয় বলে কাশিয়ানী থানাধীন রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন জানান।
গ্রেপ্তার হোসাইন মিয়া (৩০) উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের এমদাদ মিয়ার ছেলে।
গত ৬ জানুয়ারি রাতে আপন বড় ভাই মুরাদ মিয়ার বসতঘরে পেট্রোল ঢেলে ঘুমন্ত অবস্থায় ভাবি ফাতেমা বেগম (৩২) ও ৭ মাস বয়সি ভাতিজা আব্দুর রহিমকে পুড়িয়ে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন মুরাদ।
পুলিশ আরো জানায়, হোসাইন এর আগে তার ভাই মুরাদকে কুপিয়ে আহত করার মামলায় দীর্ঘদিন কারাবাসে ছিলেন। জামিনে বেরিয়ে দেড়মাস পর তিনি ভাবি ও ভাতিজাকে আগুন পুড়িয়ে হত্যা করে পালান।
পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে হোসাইনকে কাশিয়ানী উপজেলার ফুরকা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
“পারিবারিক বিরোধের পাশাপাশি মামলা-মোকদ্দমায় ক্ষিপ্ত হয়ে হোসেইন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।”
