যশোরে ছুরিকাহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
গত ৮ অক্টোবর রাতে শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে একদল অস্ত্রধারী তাকে ছুরিকাঘাত করে।
ছুরিকাহত হওয়ার প্রায় দেড়মাস পর যশোরে সাবেক এক স্বেচ্ছাসেবক লীগ নেতা মারা গেছেন।
সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা জানান।
মৃত আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ (৪৬) জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি যশোর শহরের বেজপাড়া বনানী রোডে।
আসাদুজ্জামান আসাদের ছোট ভাই সাইদুর রহমান জানান, গত ৮ অক্টোবর রাতে শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে তার ভাইকে ছুরিকাঘাত করে কয়েকজন অস্ত্রধারী। তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
“আজ (সোমবার) বেলা ১২টার দিকে অপারেশন করার সময় তিনি মারা যান।”
সাইদুর রহমান জানান, ছুরিকাঘাতের ঘটয়ায় তিনি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছিলেন। আসামিরা হলেন বেজপাড়া কবরস্থান সড়কের একাধিক মামলার আসামি হাসান ওরফে খাবড়ি হাসান, আকাশ, চঞ্চল ও বিপ্লব।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, আসাদ মারা যাওয়ার ঘটনাটি জানা নেই। ইতোমধ্যে পুলিশ এই মামলার এজাহারভুক্ত আসামি খাবড়ি হাসানকে আটক করেছে। অন্যদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মৃত বুনো আসাদের বিরুদ্ধেও থানায় একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।
