২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণের পর এক বছরেও চালু হয়নি মাদারীপুরের আধুনিক বাস টার্মিনাল

চুক্তি অনুযায়ী নির্মাণ কাজ ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান তিন দফায় তিন বছর মেয়াদ বাড়ায়।

নির্মাণের পর এক বছরেও চালু হয়নি মাদারীপুরের আধুনিক বাস টার্মিনাল

বিদ্যুৎ সংযোগ ছাড়া মাদারীপুরের আধুনিক বাস টার্মিনালটির অন্য সব কাজই শেষ হয়েছে।

রিপনচন্দ্র মল্লিক

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 09:06 AM

Updated : 06 Jul 2023, 11:56 AM

নির্মাণের এক বছর পেরোলেও নানা জটিলতায় চালু হয়নি মাদারীপুরের আধুনিক বাস টার্মিনালটি। ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ টার্মিনাল যাত্রী ও যানবাহনের জন্য উন্মুক্ত না করায় এখনও শেখ হাসিনা মহাসড়কের দুপাশেই দাঁড় করিয়ে রাখতে হচ্ছে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো।

এতে অন্যান্য যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে তেমনি পথচারীদের জন্যও সমস্যা সৃষ্টি হচ্ছে। আবার টার্মিনালে প্রবেশ করতে না পারায় বাধ্য হয়ে মহাসড়কেই যাত্রীদের ওঠানামা করতে হচ্ছে; যা বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি।

মাদারীপুর পৌরসভার তথ্য অনুযায়ী, গৈদি মৌজার পাকদী এলাকায় ৪ একর ৩৭ শতাংশতে নির্মাণ করা হয়েছে তিনতলা বিশিষ্ট আধুনিক বাস টার্মিনাল। এই জমি অধিগ্রহণে পৌরসভার ব্যয় হয়েছে ২ কোটি ৪৮ লাখ টাকা।

২০১৮ সালের নভেম্বরে বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় বাস টার্মিনালের কার্যাদেশ দেওয়া হয়। কাজটি পায় ফরিদপুরের আলাউদ্দিন ট্রেডিং কোম্পানি লিমিডেট নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রথম পর্যায়ে এই বাস টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি ২২ লাখ টাকা। পরে নকশা কিছুটা পরিবর্তন করা হলে ব্যয় বেড়ে দাঁড়ায় ২৪ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৭৭ টাকায়।

চুক্তি অনুযায়ী, নির্মাণ কাজ ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান নানা কারণ দেখিয়ে তিন দফায় তিন বছর কাজের মেয়াদ বাড়ায়। সবশেষ গত বছরের ৩০ এপ্রিল টার্মিনাল নির্মাণের কাজ শেষ হয়।

এ বিষয়ে আলাউদ্দিন ট্রেডিং কোম্পানি লিমিডেটের প্রধান প্রকৌশলী মো. ফজলুর হক বলেন, “বাস টার্মিনালের নির্মাণের সব কাজই শেষ। বিদ্যুৎ সংযোগ না থাকায় এ সংক্রান্ত কিছু কাজ বাকি রয়েছে। তবে এরই মধ্যে মৌখিকভাবে আমরা টার্মিনাল পৌর কর্তৃপক্ষকে হস্তান্তর করেছি।”

বিদ্যুৎ বিভাগের সঙ্গে পৌরসভার বকেয়া বিল নিয়ে কিছু ঝামেলার কারণে সংযোগ পেতে দেরি হচ্ছে বলেও জানান তিনি।

সরজমিনে বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনালের প্রবেশ পথ তালাবন্ধ। ফলে বিশাল আকৃতির আধুনিক টার্মিনালের ভেতরে নেই কোনো যানবাহন। টার্মিনালের সামনে অর্থাৎ মহাসড়কের দুপাশে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে দুরপাল্লার বাসগুলো। টার্মিনালের সামনে চেয়ার টেবিল বসিয়ে অস্থায়ী কাউন্টারের কাজ চলছে।

ফলে রোদ-বৃষ্টি যাই হোক যাত্রীদের খোলা আকাশের নিচ থেকেই টিকেট সংগ্রহ করে বাসে উঠতে হচ্ছে। বাসের জন্য অপেক্ষাও করতে হচ্ছে পথের ধারে কোথাও।

কথা হয় মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার বাসিন্দা আতিকুর রহমানের সঙ্গে।

তিনি বলেন, “পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় যাচ্ছি। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু এখানে যাত্রীদের অপেক্ষার জন্য আলাদা ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে ভিজতে হল। টার্মিনাল চালু থাকলে এই সমস্যায় আমাদের পড়তে হত না।”

প্রতি সপ্তাহেই গাজীপুর থেকে মাদারীপুর যাতায়াত করেন বলে জানালেন যাত্রী বাপ্পি দাস। তিনি বলেন, কয়েক বছর ধরেই টার্মিনালটি নির্মাণের কাজ চলতে দেখছেন। কিন্তু চালু হতে দেখছেন না।

“টার্মিনালটি চালু হলে আমাদের অনেক সুবিধা হত। টার্মিনালের অভাবে আমাদের রোদ-বৃষ্টিতে সংকটে পড়তে হয়। শিশু ও বয়স্করা সঙ্গে থাকলে কোথাও বিশ্রামও নেওয়া যায় না। টার্মিনাল চালু না হওয়ায় আমরা মাদারীপুরবাসী অনেক দুর্ভোগে পড়ি।”

কেবল সাধারণ যাত্রীরাই নন, টার্মিনাল চালু না হওয়ায় বিপাকে পড়েছেন পরিবহন মালিক-শ্রমিকরাও।

মাদারীপুর সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি খন্দকার কামরুল হাসান বলেন, “টার্মিনাল চালু না হওয়ায় আমরা মহাসংকটে আছি। বর্ষাকালে বাসগুলো রাস্তায় দাঁড় করিয়ে রাখা যায় না। দুর্ঘটনার ভয়াবহ ঝুঁকি থাকে। এটি চালুর জন্য আমরা পৌর কর্তৃপক্ষকে অনেকদিন ধরে অনুরোধ করেই যাচ্ছি। কিন্তু আশ্বাস পাওয়া ছাড়া কাজের কাজ কিছুই হয়নি।”

বিদ্যুৎ সংযোগ না পাওয়ার কারণেই এক বছর ধরে বাস টার্মিনালটি চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম।

তিনি বলেন, “আমাদের আধুনিক বাস টার্মিনালটি প্রস্তুত। কিন্তু বিদ্যুৎ বিভাগ সংযোগ দিচ্ছে না। এ কারণে আমরা উদ্বোধন করতে পারছি না।”

বিদ্যুৎ সংযোগ নিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে পৌর মেয়রের একাধিক বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা আশাবাদী, খুব শিগগির টার্মিনালের কার্যক্রম চালু করতে পারব।”

বিদ্যুৎ বিভাগ কেন বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না সে সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেল, ২০১৩ সালে মাদারীপুর পৌরসভার অধীনে থাকা ২১টি মিটারে ৪ কোটি ৬৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বলে দাবি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের।

তবে এটিকে ‘ভূতুড়ে বিল’ বলে উল্লেখ করে মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ওই বছরই জুলাই মাসে আদালতে একটি মামলা করেন। সেই মামলা এখনও চলমান।

বিদ্যুৎ বিভাগের একটি সূত্র বলছে, মাদারীপুর পৌরসভার সঙ্গে এই জটিলতা সমাধান না হওয়ার কারণেই বাস টার্মিনালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না।

জানতে চাইলে মাদারীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, “আমাদের ২১টি মিটারের বিল বকেয়া ছিল। এরই মধ্যে একটি বিল যাচাই-বাছাই করে পরিশোধ করা হয়েছে। বাকি বিলগুলো যাচাই-বাছাই করে পরিশোধ করা হবে। তাছাড়া মামলা তো চলছেই।

“আধুনিক বাস টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার পরেই আমরা বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আবেদন করেছি। কিন্তু তারা সংযোগ দেয়নি। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমাদের মতবিরোধ ছিল। সেটারও সমাধান হয়ে গেছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সংযোগ পাওয়া যাবে।”

তবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, “মাদারীপুর পৌরসভা থেকে বাস টার্মিনালে বিদ্যুৎ সংযোগ পেতে পূর্ণাঙ্গ আবেদন করা হয়নি।”

পূর্ণাঙ্গ আবেদন করা হলে নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

এই কর্মকর্তা বলেন, “আমাদের দিক থেকে কোনো জটিলতা নেই। তারা এক বছর আগে টার্মিনালে বিদ্যুৎ সংযোগ পেতে একটি চিঠি দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, টার্মিনালে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। কিন্তু এভাবে চিঠি দিলেই তো আর সংযোগ দেওয়া সম্ভব না। আমরা ফিরতি চিঠি দিয়ে বলেছি, যথাযথ ব্যবস্থা ও প্রক্রিয়া মেনে পূর্ণাঙ্গ আবেদন করলে আমরা সংযোগ দেব। কিন্তু তারা আর আবেদন করেনি।”