২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে ভোটে আনতে আন্তর্জাতিক মহল চেষ্টা চালাচ্ছে: কৃষিমন্ত্রী

“সারাবিশ্বের কাছে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে।”

বিএনপিকে ভোটে আনতে আন্তর্জাতিক মহল চেষ্টা চালাচ্ছে: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল-১ আসনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 05:20 PM

Updated : 30 Nov 2023, 05:20 PM

আন্তর্জাতিক মহলও পর্দার অন্তরাল থেকে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য চেষ্টা করে যাচ্ছে; কিন্তু তারা ভোটে আসছে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, “বিএনপি নির্বাচন এলে দাঁড়াতে পারে না। কারণ বিএনপির নেতৃত্ব অন্য কেউ নিয়ে নেবে।”

বৃহস্পতিবার সকালে মধুপুর উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমিনের কাছে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

তিনি বলেন, “এ দেশে মুসলিম লীগ নামে একটি দল ছিল, সেটি বিলুপ্ত হয়ে গেছে। এ নির্বাচনের মাধ্যমেও বিএনপি বিলুপ্ত হবে।”

টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য আরও বলেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা বার বার ভুল করছে। তাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে। আদালতের কাছে তারা অপরাধী।

“খালেদা জিয়াও এতিমের টাকা চুরি করাতেও তার বিরুদ্ধে শাস্তি হয়েছে। কাজেই তারা মনে করে নির্বাচন হওয়া উচিত নয়।”

মন্ত্রী বলেন, “সারাবিশ্বের কাছে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে।”

নির্বাচনে বিজয়ী হতে সবার দোয়া ও সহযোগিতা চান আব্দুর রাজ্জাক।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।