নওগাঁয় নিখোঁজের একদিন পর মিলল ভ্যানচালকের মরদেহ
“ধারণা করা হচ্ছে, আজিজুলকে হত্যা করে ভ্যান ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।“
নওগাঁর মান্দা উপজেলায় নিখোঁজের একদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আন্ধারসুরা বিল এলাকায় শিবনদের বাঁধের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান।
নিহত আজিজুল হক মণ্ডল (৫০) উপজেলার কুসুম্বা হাজীপাড়া গ্রামের মৃত পরশতুল্যা মণ্ডলের ছেলে।
সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আজিজুল হকের স্ত্রী বেবী বেগম সাংবাদিকদের বলেন, “প্রতিদিনের মত শনিবার সকাল ৯টার দিকে আমার স্বামী চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় তার মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।”
আজিজুল হকের ছেলে বেলাল হোসেন বলেন, “রোববার রাত সাড়ে ৯টার দিকে আমি থানায় হাজির হয়ে বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি (সাধারণ ডায়েরি) লিখে নিচ্ছিলাম। জিডি লেখা শেষে ডিউটি অফিসারের স্বাক্ষর নিতে গিয়ে জানতে পারি, আন্ধারসুরা বিলের বাঁধের পাশে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ শনাক্ত করি।”
“বাবার মরদেহ যেখানে পড়ে ছিল সেখান থেকে অন্তত ৫০ গজ দূরে তার পরনের লুঙ্গি, স্যান্ডেল ও মানিব্যাগ পাওয়া যায়। চার্জারভ্যান ও মোবাইল ফোনের এখন পর্যন্ত হদিশ মেলেনি।“
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজিজুল হককে শ্বাসরোধে হত্যা করে ভ্যান ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।“
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
