ট্রলারে ১০ লাশ: ডিএনএ পরীক্ষায় শনাক্ত ৩ মরদেহ হস্তান্তর
নমুনা মিলিয়ে শেষ পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়, তবে স্বজনদের দাবি অনুযায়ী এখনও চারজন নিখোঁজ।
কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে উদ্ধার হওয়া কয়েকটি মরদেহের একাধিক দাবিদার থাকার পরিপ্রেক্ষিতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
রোববার বিকালে ৪টায় ডিএনএ পরীক্ষার ফলাফল অনুযায়ী তিনটি মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক দুর্জয় বিশ্বাস।
তিনি জানান, এ ছাড়া আদালতের সিদ্ধান্ত অনুযায়ী অপর মরদেহটি আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।
যে তিনজনের মরদেহ শনাক্ত হয়েছে তারা হলেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বড় চৌধুরীপাড়া এলাকার মৃত আবদুল আজিজের ছেলে শাহ আলম (৫৪), মহেশখালী উপজেলার কালারমারছড়ার ঝাপুয়া এলাকার তাজুল মুল্লুকের ছেলে মো. ইকবাল (২৭) এবং কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের রোমাইপাড়ার মৃত আবু সৈয়দের ছেলে মেজবাহ উদ্দিন (৫০)।
বিকালে মরদেহ হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আশেকুর রহমান।
পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, শাহ আলমের মরদেহটি তার ছেলে মামুনুর রশিদ, মো. ইকবালের মরদেহটি তার ভাই তারেক এবং মেজবাহ উদ্দিনের মরদেহ তার ছেলে আবু সাইদ মো. জিসান গ্রহণ করেন।
গত ২৩ এপ্রিল ট্রলার থেকে ১০টি মরদেহ উদ্ধারের পর ছয়জনের মরদেহ শনাক্ত হয়। সেগুলো সেসময়ই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি চারটি মরদেহের পরিচয় নিশ্চিত হতে সংগ্রহ করা হয় ডিএনএ নমুনা। একই সঙ্গে নিখোঁজ থাকা ব্যক্তিদের স্বজনদের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়।
সেইসব নমুনা মিলিয়ে শেষ পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়।
তবে স্বজনদের দাবি অনুযায়ী এখনও চারজন নিখোঁজ রয়েছেন। এরা হলেন, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৮), সাহাব মিয়ার ছেলে সাইফুল্লাহ (২৩), মোহাম্মদ আলীর ছেলে পারভেজ মোশাররফ (১৪) এবং চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের কবির হোসাইনের ছেলে সাইফুল ইসলাম (৩৪)।
তবে যে মরদেহটির সঙ্গে কোনো ডিএনএ মেলেনি সেটি তার ছেলে সাইফুল্লাহর বলে দাবি করেন শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের সাহাব মিয়া। তিনি আঞ্জুমানে মফিদুলের বদলে মরদেহটি তাকে দিতেও পুলিশের কাছে অনুরোধ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্জয় বিশ্বাস বলেন, “আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহটি অন্য কাউকে হস্তান্তর করা যাচ্ছে না। সেজন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে। ডিএনএ পরীক্ষার ফলাফল হাতে আসার পর এখন নিশ্চিত হওয়া যাচ্ছে যে, ট্রলারটিতে ঘটনার দিন মোট ১৩ জন ছিলেন।
“এখন পরিচয় শনাক্ত না হওয়া মরদেহটি নিয়ে যেমন প্রশ্ন তৈরি হয়েছে তেমনি নিখোঁজদের নিয়েও রয়েছে বিভ্রান্তি। নিখোঁজ তিনজন এখন কোথায়, জীবিত না মৃত, সে প্রশ্নের উত্তর জানতে আরো তদন্ত করতে হবে।”
এরই মধ্যে আরো গুরুত্বের সঙ্গে মামলাটির তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
গত ২৩ এপ্রিল স্থানীয় গুরা মিয়ার মালিকানাধীন একটি ট্রলার সাগরে ভাসমান নামবিহীন ট্রলারটিকে নাজিরারটেক উপকূলে টেনে নিয়ে যায়। পরে ওই ট্রলারের হিমঘরে হাত-পা বাঁধা ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২৫ এপ্রিল নামবিহীন ট্রলারটির মালিক নিহত সামশুল আলম ওরফে সামশু মাঝির স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে ছয়জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এরা হলেন- মামলার এজাহারের প্রধান আসামি বাইট্টা কামাল, বাঁশখালীর বাসিন্দা ফজল কাদের মাঝি, আবু তৈয়ুব মাঝি, মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়ের হোসেন, চকরিয়ার বদরখালী এলাকার গিয়াস উদ্দিন মুনির এবং মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার দেলোয়ার হোসেন।
তবে মামলার চার নম্বর আসামি করিম সিকদার ও বাইট্টা কামালের ভাই ইমাম হোসেন জবানবন্দি দিতে রাজি হননি।
নিহত যে ছয়জনের মরদেহ আগেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে তারা হলেন, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার রফিক মিয়ার ছেলে ট্রলার মালিক সামশুল আলম প্রকাশ সামশু, চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকার জসিম উদ্দীনের ছেলে তারেক, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের জাফর আলমের ছেলে সওকত উল্লাহ, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের শাহ আলমের ছেলে মোহাম্মদ শাহজাহান, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের মুসা আলীর ছেলে গণি ওসমান এবং একই ইউনিয়নের মোহাম্মদ হোসানের ছেলে নুরুল কবির।
আরো পড়ুন:
