২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে চীনা নাগরিক নিহত:  ডাম্প ট্রাকের চালক গ্রেপ্তার

গ্রেপ্তার সাদ্দামকে শিবচর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদারীপুরে চীনা নাগরিক নিহত:  ডাম্প ট্রাকের চালক গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার সাদ্দাম হোসেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2023, 02:43 PM

Updated : 20 Feb 2023, 02:43 PM

মাদারীপুরের শিবচরে ডাম্প ট্রাকের ধাক্কায় এক চীনা নাগরিক নিহত হওয়ার ঘটনায় ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

ঢাকার মিরপুর-১ এর টোলারবাগ আবাসিক এলাকা থেকে রোববার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুল হাসান। 

গ্রেপ্তার সাদ্দাম হোসেন (৩২) শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের গোলাপ শিকদারের কান্দি গ্রামের ছাবু শিকদারের ছেলে। 

সোমবার দুপুরে মাদারীপুর র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুল জানান, শনিবার সকাল ৮টার দিকে পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের একটি পিকআপ গাড়ির সঙ্গে একটি ডাম্প ট্রাকের সংঘর্ষ হয়। 

মাদারীপুরের শিবচর উপজেলার দৌলতপুর বাঁচামারা ব্রিজের কাছে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন এক চীনা নাগরিকসহ চার বাংলাদেশি। 

গুরুতর আহত ২৫ বছর বয়সী চীনা নাগরিক সাং বিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। 

এই ঘটনায় র‌্যাবের একটি বিশেষ গোয়েন্দা দল তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ঢাকার টোলারবাগ থেকে ডাম্প ট্রাকটির চালক সাদ্দাম হোসেনকে আটক করে। 

সোমবার দুপুরে সাদ্দামকে শিবচর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান র‌্যাব-৮ অধিনায়ক মাহমুদুল হাসান। 

শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুল্লা হেল বাকী জানিয়েছেন, নিহত চীনা নাগরিক সাং বিন পদ্মা সেতু রেল প্রকল্পের ডিভিশন-২ এর চার নম্বর ইউনিটে সার্ভে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 

আরও পড়ুন

পুরনো খবর:

মাদারীপুর সড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় চীনা নাগরিক নিহত