মাদারীপুর সড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় চীনা নাগরিক নিহত
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচর উপজেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় এক চীনা নাগরিকের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও চার বাংলাদেশি।
উপজেলার দৌলতপুর বাঁচামারা সেতুর কাছে হাইওয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে শিবচর হাইওয়ে থানার আব্দুল্লাহেল বাকী জানান।
নিহত ২৫ বছর বয়সী চীনা নাগরিক সাং বিন পদ্মা সেতু রেল প্রকল্পের সার্ভেয়ার ছিলেন বলে পদ্মা রেলওয়ে প্রকল্পের দোভাষী মো. রনি জানান।
রনি বলেন, সাং বিন ফরিদপুরের ভাঙ্গার অস্থায়ী ক্যাম্প থেকে পিকআপ ভ্যানে করে শিবচর হাইওয়ে দিয়ে প্রজেক্ট দেখার জন্য যাচ্ছিলেন। পথে ডাম্প ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে সাং গুরুতর আহত হন।
“তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহত চীনা নাগরিকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তারা সংশ্লিষ্ট থানায় খবর দিয়েছেন।
