২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

দুর্ঘটনায় নিহত ২ জনকে নিয়ে ফিরছিলেন স্বজনরা, গাড়ির ধাক্কায় আরেক মৃত্যু

বগুড়ার ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং রানীরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 01:30 PM

Updated : 21 Sep 2026, 01:39 PM

বগুড়া সদরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। পরে তাদের লাশ অ্যাম্বুলেন্সে নিয়ে ফেরার পথে আরেক বাসের ধাক্কায় এক নারীর প্রাণ গেছে। দুই ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।

সোমবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং রানীরহাট এলাকায় দ্বিতীয় ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইচ উদ্দিন।

নিহতরা হলেন- কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫), আরাফাত (১৬) এবং বগুড়া সদর উপজেলার বানদীঘী এলাকার বাসিন্দা খাদিজা খাতুন (৫২)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ওসি রইচ উদ্দিন বলেন, সকালে পাঁচজনকে নিয়ে একটি অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, দুজনের মৃতদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। অটোরিকশাটিকে ধাক্কা দেওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে দুর্ঘটনায় নিহত শফিকুল ও আরাফাতের মৃতদেহ নিয়ে স্বজনেরা একটি অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। পথে রানীরহাট এলাকায় অজ্ঞাত একটি গাড়ি অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা খাদিজা খাতুন নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন।

কুন্দার হাইওয়ে থানার সার্জেন্ট সাগর আলী বলেন, দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।