৩ বছর আগে মারা যাওয়া ব্যক্তি নাশকতার মামলার আসামি!
গাজীপুরের কাপাসিয়া থানার ওসি বলেন, “ছোট ভাইয়ের স্থলে ভুলে তার নাম ঢুকে পড়েছে। বিষয়টি জানার পর আদালতে সংশোধনী পাঠানো হয়েছে।”
গাজীপুরের কাপাসিয়া থানার নাশকতার মামলায় প্রায় ৩ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকে আসামি করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার এসআই সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মৃত ব্যক্তিকে আসামি করায় জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মামলায় ২২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৮ নম্বর আসামি করা হয়েছে মো. আমিন উদ্দিন মোল্লাকে। বয়স লেখা হয়েছে ৪৫। তিনি উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের আশরাফ আলী মোল্লার ছেলে।
আমিন উদ্দিন মোল্লা নরসিংদীর মনোহরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে অবসর নেন। অবসরের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে মুক্ত হয়েছিলেন।
আমিন উদ্দিনের মেয়ে জামাই মো. মোজাম্মেল হক বলেন, “২০২১ সালের ২৫ জানুয়ারি আমার শ্বশুর মারা গেছেন। মারা যাওয়ার ২ বছর ৯ মাস পর তাকে মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।”
মামলার এজাহারে বলা হয়েছে, কাপাসিয়া সদরের তরগাঁও মেডিকেল মোড় এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য জড়ো হয়। খবর পেয়ে পুলিশ গেলে তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। পরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া অবিস্ফোরিত চারটি ও বিস্ফোরিত একটি হাতবোমা উদ্ধার হয়। এ ছাড়া চারটি পেট্রলবোমাও উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দায়ের করা মামলায় মৃত ব্যক্তিকে আসামি করার ব্যাপারে জানতে চাইলে কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, “আমিন উদ্দিনের ছোট ভাইয়ের স্থলে তার নাম ঢুকে পড়েছে। বিষয়টি জানার পর আদালতে সংশোধনী পাঠানো হয়েছে।”
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন, “অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের নামে মামলা হচ্ছে, রাতে বাড়ি-বাড়ি অভিযান হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। কেউ বাড়িতে থাকতে পারছে না।
“এমন কঠিন পরিস্থিতিতেও দলীয় কর্মসূচি পালন করছি আমরা। যতই বাধা আসুক আমরা পেছনে ফিরছি না। হামলা করে, মামলা দিয়ে নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না।”
