দণ্ড তিন বছরের, ৩০ বছর পর গ্রেপ্তার
চুরি মামলায় ১৯৯৩ সালে বরিশালের একটি আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেয়।
বরিশালে ৩০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির।
বুধবার রাতে তাকে গৌরনদী উপজেলা থেকে গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানার পুলিশ।
আসামি ফিরোজ মল্লিক (৬০) উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের আবদুল মজিদ মল্লিকের ছেলে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুরি মামলায় ১৯৯৩ সালে বরিশালের একটি আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেয়।
দণ্ডিত হওয়ার পর থেকে বেনামে ছদ্মবেশ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে ছিলেন ফিরোজ মল্লিক।
সবশেষ তিনি গৌরনদীতে অবস্থান নেন। গোপনে সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে বলে পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান।
আসামিকে গ্রেপ্তার করা উজিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন জানান, গ্রেপ্তার ফিরোজ মল্লিকের বর্তমান বয়স ৬০ এর কাছাকাছি।
মামলার পর তিনি স্ত্রী-সন্তান রেখে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
সবশেষ গৌরনদী উপজেলায় ভাঙ্গারীর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারের পর প্রতিবেশীরাও ফিরোজকে শনাক্ত করেছেন বলে এসআই মেহেদী হাসান জানান।
