নওগাঁর মান্দায় ঘাসক্ষেতে পড়েছিল নারীর মরদেহ
সকালে ঘাস কাটতে গিয়ে নারীর মরদেহ দেখতে পান জমির মালিকের ছেলে।
নওগাঁর মান্দায় একটি ঘাসের ক্ষেত থেকে ৫০ বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের আয়াপুর গ্রামের পাগলিতলা মণ্ডপের পাশের একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মান্দা থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী জানান।
নিহত মলিনা বিবি উপজেলার মৈনম ইউনিয়নের চকদারপাড়া গ্রামের জিয়ার উদ্দিনের মেয়ে।
স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে তিনি সতিহাটে ভাড়া বাসায় থেকে একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
আয়াপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিল বলেন, “পাগলিতলা মণ্ডপের কাছে আমার একটি ঘাসের ক্ষেত আছে। শুক্রবার সকালে আমার ছেলে সেখানে ঘাস কাটতে গিয়ে নারীর মরদেহ দেখতে পায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।”
ওসি নূর-এ আলম সিদ্দিকী বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
“ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে,” বলেন ওসি।
