২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক শিমুল হত্যার বিচার শুরু হয়নি ৬ বছরেও

এ মামলায় ২০১৭ সালে ৩৮ জনকে আসামি করে পুলিশ অভিযোগপত্র দেয়।

সাংবাদিক শিমুল হত্যার বিচার শুরু হয়নি ৬ বছরেও

শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার একটি শোক শোভাযাত্রা উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2023, 07:25 PM

Updated : 03 Feb 2023, 07:50 PM

সিরাজগঞ্জের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ছয় বছর পরও বিচার শুরু হয়নি। 

সিরাজগঞ্জে শাহজাদপুরে শুক্রবার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক ও স্বজনরা। 

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর এলাকায় আওয়ামী লীগের দুটি পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিতে আহত হন সমকাল পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে পরদিন তিনি মারা যান। 

এ ঘটনায় শিমুলের স্ত্রী শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুসহ ৪০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন। ২০১৭ সালের ২ মে ৩৮ জনকে আসামি করে পুলিশ অভিযোগপত্র দেয়। পরে মামলাটি শাহজাদপুর আমলি আদালত থেকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। এই আদালত সাতবার অভিযোগ গঠনের তারিখ ধার্য করলেও আসামিদের নানা পদক্ষেপের কারণে অভিযোগ গঠন বিলম্বিত হতে থাকে। 

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সিরাজগঞ্জ আদালত থেকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুন্যালে স্থানান্তর করতে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে। 

Image

শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে শুক্রবার সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, আব্দুল হাকিম শিমুলের প্রতিকৃতিতে মাল্যদান ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন আসামিপক্ষ। রিটের শুনানি নিয়ে ২০১৯ সালের ২৯ অগাস্ট হাই কোর্ট শিমুল হত্যা মামলার বিচার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে এবং এই মামলা রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। 

হাই কোর্টের এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত হাই কোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি ওই বছরের ১৪ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে। 

সে অনুযায়ী ২০১৯ সালের ১৬ অক্টোবর বিষয়টি আপিল বেঞ্চে এলে আসামিপক্ষ আদালতকে বলে, যে রিটের পর হাই কোর্ট শিমুল হত্যা মামলার কার্যক্রম স্থগিত করেছিল সেই রিট তারা চালাবেন না। তখন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আবেদন অকার্যকর বলে তা খারিজ করে দেয়। 

ওই আদেশের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেছিলেন, এই আদেশের ফলে শিমুল হত্যা মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালেই যথারীতি চলবে।

শিমুলের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন 

দিবসটি পালন উপলক্ষে শুক্রবার শাহজাদপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে। 

সকালে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, আব্দুল হাকিম শিমুলের প্রতিকৃতিতে মাল্যদান ও এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এরপর শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে শোক শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

বিকালে নিহত শিমুলের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।  

প্রেসক্লাব চত্বরের সমাবেশে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় দৈনিক সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস, শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি এম, এ জাফর লিটন, বিআরডিবি চেয়ারম্যান ভিপি লুৎফর রহমান, সাংবাদিক শফিউল হাসান চৌধুরী লাইফ, আতিকুল ইসলাম ও কল্যাণ ভৌমিকসহ অনেকে বক্তব্য দেন। 

Image

শুক্রবার একটি শোভাযাত্রা শাহজাদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বক্তারা এ হত্যাকান্ডের ছয় বছর পেরিয়ে গেলেও বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সব প্রতিবন্ধকতা দূর করে অবিলম্বে এ মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তারা। 

কর্মসূচিতে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন নাহার, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক, মেয়ে তামান্না-ই-ফাতেমাসহ স্থানীয় সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন-

 সাংবাদিক শিমুল হত্যা: মেয়র মিরু বরখাস্ত