সাংবাদিক শিমুল হত্যা: সিরাজগঞ্জের মেয়র মিরুর হাই কোর্টে জামিন
সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বরখাস্ত মেয়র হালিমুল হক মিরুকে জামিন দিয়েছে হাই কোর্ট।
তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রোববার রায় দেয়।
আদালতে মেয়র মিরুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এএম আমিনউদ্দিন মানিক ও আবদুল আলিম মিয়া জুয়েল। বাদী পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরেশেদ।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মিরুর জামিনের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের বিরোধিতা ছিল বলে জানান ইউসুফ মাহমুদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপক্ষ হাই কোর্টের এ জামিন আদেশের বিরুদ্ধে আপিলে যাবে।”
তিনি জানান, গত ১৮ অক্টোবর হাই কোর্টে জামিন আবেদন করেছিলেন মিরু। তখন আদালত তার জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন। সে রুলটিই যথাযথ ঘোষণা করে রায় দিয়েছে।
ইউসুফ বলেন, বয়স, অসুখ ও ২০ মাসেও মামলা অভিযোগ গঠন না হওয়ায় বিষয়গুলো বিবেচনায় নিয়ে হাই কোর্ট মিরুকে জামিন দিয়েছে।
মেয়র মিরু বর্তমানে সিরাজগঞ্জ কারাগারে রয়েছেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে তিনি মুক্ত হতে পারবেন।
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর ভাই পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ওই সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে শটগানের গুলিতে আহত হয়ে মারা যান সাংবাদিক আব্দুল হাকিম শিমুল।
শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম মেয়রসহ ১৮ এবং অজ্ঞাতনামা আরও ২২ জনসহ মোট ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। গত ১৩ জুন শাহজাদপুরের আদালত অভিযোগপত্র গ্রহণের পর মিরুকে মেয়র পদে থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মিরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন; তাকে দল থেকেও বহিষ্কার করা হয়।
