৪৯ ঘণ্টা পর ভাসল সমুদ্রে নেমে নিখোঁজ পর্যটকের লাশ
লাইফ গার্ড কর্মীরা এক বন্ধুকে উদ্ধার করতে পারলেও অপর বন্ধু স্রোতে ভেসে নিখোঁজ হন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজের ৪৯ ঘণ্টা পর মরদেহ ভাসল এক পর্যটকের।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বাঁকখালী নদীর মোহনায় ভেসে এলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
২৪ বছর বয়সী নিহত হিমেল আহমেদ গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার মো. আক্কাসের ছেলে।
এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে সমুদ্রে নেমে নিখোঁজ হন তিনি।
কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, গত শনিবার হিমেল আহমেদসহ তিন বন্ধু কক্সবাজার আসেন।
গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিতে তিনি তার দুই বন্ধু আরমান ও ইমরানকে সঙ্গে নিয়ে সৈকতে গোসলে নামেন।
এ সময় নিমেল ও ইমরান স্রোতের টানে ভেসে যেতে থাকেন। পরে লাইফ গার্ড কর্মীরা গিয়ে ইমরানকে উদ্ধার করতে পারলেও হিমেল স্রোতে ভেসে নিখোঁজ হন।
একই দিন দুপুর দেড়টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে গোসলে শাহাজাহান (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়। শাহাজান চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার প্রয়াত আব্দুল খালেকের ছেলে।
