২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে আওয়ামী লীগের সভাস্থলে হাতবোমা বিস্ফোরণ

ঘটনাস্থলের আশপাশ থেকে অবিস্ফোরিত আরও সাতটি হাতবোমা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2022, 12:49 AM

Updated : 07 Dec 2022, 12:49 AM

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের সভা চলাকালে পাঁচটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে ইন্দুরকানীর বালিপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এ সময় পুলিশ ঘটনাস্থলের আশপাশ থেকে অবিস্ফোরিত আরও সাতটি হাতবোমা উদ্ধার করা হয় বলে পিরোজপুর ডিবি পুলিশের (উত্তর) ওসি মো. জাকারিয়া হোসেন জানান।

স্থানীয় ছাত্রলীগ নেতা রাহাত খান রাজু জানান, ইন্দুরকানী উপজেলার বালিপাড়া বাজার সংলগ্ন এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভা চলাকালে সভাস্থলের পাশেই পরপর পাঁচটি ককটেল [হাতবোমা] বিস্ফোরিত হয়।

“পরে ইন্দুরকানী থানা পুলিশ ও ডিবি খবর পেয়ে সেখানে গিয়ে অব্যবহৃত আরও সাতটি ককটেল উদ্ধার করে।”

পিরোজপুর ডিবি পুলিশ (উত্তর) ওসি মো. জাকারিয়া হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভা বানচাল করতে এবং নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে একটি পক্ষ এ ঘটনা ঘটাতে পারে।

তিনি জানান, এ ঘটনায় ইন্দুরকানী উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব জুয়েলকে আটক করেছে পুলিশ।