২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদে আওয়ামী লীগ নেতাকে পিটুনি: জামায়াত নেতাকে গ্রেপ্তারে আল্টিমেটাম

জুমার বয়ানে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ করায় ছাতকের আওয়ামী লীগ নেতাকে মারধর করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।   

মসজিদে আওয়ামী লীগ নেতাকে পিটুনি: জামায়াত নেতাকে গ্রেপ্তারে আল্টিমেটাম

বুধবার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগ।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2023, 10:43 PM

Updated : 08 Feb 2023, 10:43 PM

মসজিদে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতা কাউসার আহমদের ওপর হামলাকারী জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছে ক্ষমতাসীন দলটির নেতারা।

বুধবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। কর্মসূচিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

গত ২৭ জানুয়ারি গোবিন্দগঞ্জ নতুনবাজার মসজিদে জুমার নামাজে বয়ান দিচ্ছিলেন গোবিন্দগঞ্জ ফজলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও মসজিদের খতিব আব্দুস সালাম মাদানী। তিনি জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য এবং সিলেট মহানগর কমিটির সদস্য।

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, এ সময় তিনি রাজনৈতিক ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের নাম হিন্দু সূর্য সেনের নামে নামকরণ করেছে’।

এর প্রতিবাদ করেন গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ। পরে মসজিদের ভেতরেই তাকে মারধর করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে এ ঘটনায় মামলাও করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। 

বুধবারের বিক্ষোভ সমাবেশে ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেন, “জামায়াত-শিবিরের কাছে মসজিদ-মাদরাসা কোথাও নিরাপদ নয়। তারা রাজনৈতিক উসকানিমূলক বক্তব্যই নয়, মসজিদের ভিতরেও ধর্মীয় উসকানিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সহজ-সরল ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করছে। এর প্রতিবাদ করায় আমাদের এক নেতাকে মসজিদের ভিতরে পিঠিয়েছে। সাধারণ মুসল্লিরা এগিয়ে না গেলে তারা তাকে মসজিদের ভিতরই মেরে ফেলতো।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় আব্দুস সালাম মাদানীসহ তার অনুসারী হামলাকারী কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা তাদেরকে গ্রেপ্তার ও এলাকায় জঙ্গি কার্যক্রম ও ধর্মীয় উসকানিমূলক কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি। আমাদের আল্টিমেটাম এক সপ্তাহের। মাদানীসহ তার অনুসারীদের গ্রেপ্তার করা না হলে আমরা আবারও রাজপথে নেমে কঠোর কর্মসূচি দেব।”

গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, “এ ঘটনায় মামলা হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আমরা অবিলম্বে মসজিদের ভেতর আওয়ামী লীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই। এক সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।”

মামলার আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাইলে ছাতক থানার ওসি খান মাইনুল জাকির বলেন, মামলার তদন্ত চলমান আছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সৈদেরগাঁও-গোবিন্দগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, বীর মুক্তিযোদ্ধা কদর আলী, আব্দুল মোছাব্বির, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, আব্দুল করিম, আফজাল হোসেন, ফারুক সরকুম, খালেদ হাসান, ছমরু মিয়া, আনসার আলী, আবুল কাশেম, রইছ আলী, পরেশ চন্দ, পারভেজ হোসেন, মোহাম্মদ আলী মুজিব, সুজন মিয়া, শাহাবুদ্দিন, আব্দুর রশিদ, আকমল হোসেন, মাসুদ পারভেজ, রিপন চন্দ্র দাস, মোস্তাকিম রায়হান, আব্দুল হান্নান আঙ্গুর। 

আরও পড়ুন:

পুরনো খবর:

মসজিদে জামায়াত নেতার ‘উসকানি’, প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি