গাজীপুরে ঘরে মাথায় আঘাতপ্রাপ্ত স্ত্রীর লাশ, স্বামী পলাতক
গভীর রাতে আল আমীন বাড়ির মালিকের ছেলেকে মোবাইলে ফোন তার স্ত্রী ঘরে অসুস্থ হয়ে পড়েছে জানিয়ে খোঁজ নেওয়ার অনুরোধ করেন।
গাজীপুরের শ্রীপুরে ঘরের ভেতর থেকে মাথায় আঘাতপ্রাপ্ত এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পলাতক আছেন ওই নারীর স্বামী।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (চন্নাপাড়া) এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালিয়াকৈর সার্কেলের এসএসপি আজমীর হোসেন।
নিহত তাসলিমা আক্তার (৩০) নেত্রকোনা সদর উপজেলার পাটলি গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে। তিনি ওই এলাকার রমিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ব্লু-ফ্যাশন পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।
তার স্বামী আল আমীন (৩২) কুমিল্লার বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের গফুর মিয়ার ছেলে।
এসএসপি আজমীর হোসেন জানান, প্রায় ছয় বছর আগে প্রেম করে বিয়ে করেন তাসলিমা ও আল আমীন। তাদের ঘরে পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। সে তার নানা-নানীর কাছে থাকে।
মঙ্গলবার রাত ৩টার দিকে তাসলিমার স্বামী আল আমীন বাড়ির মালিকের ছেলে মেহেদী হাসান রিমনকে মোবাইলে ফোন করে জানান তার স্ত্রী ঘরে অসুস্থ হয়ে পড়েছে। স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য রিমনকে অনুরোধ করেন তিনি।
তখন মেহেদী তার মাকে বিষয়টি জানালে তিনি রাতেই ওই ঘরের দরজা বাহির থেকে আটকানো দেখতে পান। পরে তিনি দরজা খুললে ঘরে খাটের ওপর তাসলিমার লাশ দেখতে পান।
পরে খবর দিলে সকালে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ।
প্রতিবেশিদের বরাতে এসএসপি আজমীর আরও জানান, মঙ্গলবার রাত ১০টার দিকেও স্বামী-স্ত্রী তাদের ঘরেই ছিল। রাতে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর আর কোনো খবর জানা যায়নি।
“নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে আল আমীন স্ত্রী তাসলিমা আক্তারকে মাথায় আঘাত করে হত্যার পর বাইরে থেকে দরজা আটকে পালিয়ে গেছে।”
শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো: নাসিম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
