২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এক ঘণ্টা পর রাজশাহীর পথে ট্রেন চলাচল শুরু

রেল কর্তৃপক্ষ জানায়, ভাঙা পাতটি মেরামত করতে সময় লাগবে; যখন ট্রেনের শিডিউল থাকবে না তখন সেটি মেরামত করা হবে।

এক ঘণ্টা পর রাজশাহীর পথে ট্রেন চলাচল শুরু

রেললাইনের একটি পাত ভাঙা থাকায় ধীর গতিতে পার হচ্ছে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2024, 03:51 PM

Updated : 29 Jan 2024, 03:51 PM

রেললাইনের একটি পাত ভাঙা থাকায় এক ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে।

পশ্চিমাঞ্চলের রেলওয়ে জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট উপজেলার বাগমারির ডালান এলাকায় পাত ভাঙা থাকায় দাঁড়িয়ে গেলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে অসীম কুমার তালুকদার বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আড়ানি স্টেশন অতিক্রম করে চারঘাটের নন্দনগাছী স্টেশনের দিকে যাচ্ছিল।

“নন্দনগাছী স্টেশনে পৌঁছার আগে ওই এলাকায় রেললাইনের পাত ভাঙা থাকায় সেখানে থাকা কয়েকজন লোক লাল নিশানা টানিয়ে ট্রেনটি থামায়। পরে রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে ভাঙা স্থানটি পরীক্ষা করে।”

তিনি বলেন, “প্রকৌশলীরা ভাঙা স্থানটি পরীক্ষা করে মতামত দেন ধীর গতিতে ট্রেন চালানো সম্ভব। এক ঘণ্টা পাঁচ মিনিট পর ওই ভাঙা পাত দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল শুরু করা হয়।”

ভাঙা পাতটি মেরামত করতে কয়েক ঘণ্টা সময় লাগবে। যখন ট্রেনের শিডিউল থাকবে না তখন সেটি মেরামত করা হবে বলে জানান পশ্চিমাঞ্চলের রেলওয়ে জেনারেল ম্যানেজার অসীম কুমার ।