২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় কাভার্ডভ্যান চাপায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালককে আটক করে এলাকাবাসী।

নেত্রকোণায় কাভার্ডভ্যান চাপায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2022, 08:30 PM

Updated : 31 Dec 2022, 08:30 PM

নেত্রকোণার কলমাকান্দায় কাভার্ডভ্যান চাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি এলাকায় এ ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা জানান।

নিহত আইনুল হক (৩৫) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিখোলা ইউনিয়নের কাটাখালি গ্রামের মো. এমদাদুল হক মল্লিকের ছেলে।

তিনি গ্রামীণ ব্যাংকের নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লগড়া শাখার দ্বিতীয় ব্যবস্থাপক ছিলেন।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

তিনি নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে।

তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক শাকিব হাওলাদারকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করে পুলিশ।

পরিদর্শক (তদন্ত) খোকন কুমার জানান, অফিসের কাজে মোটরসাইকেলে দুর্গাপুর থেকে কলমাকান্দা যাচ্ছিলেন আইনুল হক। তার অফিসের কর্মচারী মিজানুর রহমানকে সঙ্গে নেন তিনি। পথে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের গজারমারি এলাকায় একই দিক থেকে আসা প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আইনুল নিহত হন। সঙ্গে থাকা মিজানুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

“নিহতের বাড়িতে খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্বজনরা এলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।