২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খালের পাশে স্যান্ডেল-সাবান, পানিতে ভাসছিল নারীর মরদেহ

“ধারণা করা হচ্ছে, গোসল করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে ডুবে যান।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 01:21 PM

Updated : 25 Sep 2026, 01:38 PM

জয়পুরহাটের আক্কেলপুরে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে আবাদপুর নন্দাহার খালের স্লুইস গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ জানান।

মৃত ৫৫ বছর বয়সী বেলি বিবি আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার বিকালে বেলি বিবি গ্রামের পাশের নন্দাহার খালে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে খালের পাশে তার স্যান্ডেল, গোসলের কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার ভোরে স্থানীয় এক যুবক বিপ্লব খালে মাছ ধরতে গিয়ে পানিতে বেলি বিবির মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি গ্রামবাসীকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

নিহতের ভাগ্নে হেলাল খান বলেন, “বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসল করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে ডুবে যান।”

নিহতের স্বামী বাচ্চু সরদার বলেন, “আমার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। আমি কালকে বাড়িতে ছিলাম না। খালের পাড়েই তার ব্যবহৃত কাপড়, সাবান ও জুতা পড়েছিল।”

এ ঘটনায় বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি মেহেদী মাসুদ জানান।