২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ‘সাজানো’, গ্রেপ্তার আরও ৪

পুলিশ জানায়, মেয়ে শিশুকে দিয়ে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করিয়ে তার ভিডিও ধারণ করা হয়।

বাবা-ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ‘সাজানো’, গ্রেপ্তার আরও ৪

ফরিদপুরে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনা নিয়ে ফরিদপুর পুলিশ সুপারের সংবাদ সম্মেলন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2023, 11:40 PM

Updated : 28 Mar 2023, 12:11 AM

ফরিদপুরের মধুখালী উপজেলায় বাবা ও ভাইয়ের বিরুদ্ধে এক মেয়ে শিশুকে দিয়ে ধর্ষণের ‘সাজানো’ বক্তব্য ভিডিও করার কথা জানিয়েছে পুলিশ।

শ্রেণিকক্ষে আটকে বাবা ও ছেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের তদন্তে বিষয়টি বের হয়ে আসে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আরও চারজনকে গ্রেপ্তার করেছে। মোট গ্রেপ্তার হলো পাঁচজন।

সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান।

গত ১৭ মার্চ দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে তার ১৫ বছর বয়সী সৎ ভাই ও বাবাকে নির্যাতন করা হয়। এই ঘটনার ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়।

নির্যাতনের ঘটনায় জড়িত অভিযোগে মো. কুতুবউদ্দিন (২৫), মাঝকান্দি গ্রামের আসাদুল মোল্যার ছেলে ফরমান মোল্যা (২১), শাহজাহান মোল্যার ছেলে সজীব মোল্যা (২২), শিবরামপুর গ্রামের নবিয়াল শেখের ছেলে জুবায়ের শেখ (২০) এবং নূর ইসলাম ভূইয়ার ছেলে হাসিব ভুইয়াকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আগে গ্রেপ্তার হওয়া কুতুবউদ্দিন আদালত থেকে জামিন পেয়েছেন।

কিশোর ও বাবাকে নির্যাতনের অভিযোগে ২০ মার্চ মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের পর সোমবার ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি ওই মেয়েটির বক্তব্যের বরাতে ঘটনার বিবরণ দেন।

পুলিশ সুপার বলেন, যে মেয়েটির কথা এখানে বলা হয়েছে সে নির্যাতনের শিকার ওই ব্যক্তির প্রথম স্ত্রীর মেয়ে। মেয়েটি হওয়ার পরই তার মা মারা যান। দুই মাস আগে মেয়েটিকে স্কুলে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করে দেয় তার ১৫ বছর বয়সী সৎ ভাই।

“তবে মেয়েটিকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন ওই স্কুলেরই এক নিঃসন্তান শিক্ষক। মেয়েটিকে তিনি দুবার তার ফরিদপুরের বাড়িতেও নিয়ে যান। শেষবার নিয়ে যান কাউকে না জানিয়ে।”

এসপি বলেন, মেয়েটিকে বাড়িতে নিয়ে আসার পর গত ১৭ মার্চ তাকে ফিরিয়ে দেওয়ার জন্য তার বাবাকে স্কুলে ডেকে নেন। এরপর তার ভাইকেও ডেকে নেন। তারপর তাদের উপরে নির্যাতন চালানো হয়।

Image

বাবা ও ছেলেকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার চার জন।

এসপি বলেন, বাবা ও ছেলেকে নির্যাতনের আগে মেয়েটির একটি ভিডিও করা হয় যেখানে সে তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে।

“আর ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওটিও আমরা প্রথমে পাইনি। এজন্য প্রথমেই যৌন নির্যাতনের বিষয়টি এড়িয়ে যেতে পারিনি। তবে ঘটনার পরেরদিন তার বাবা ও ছেলেকে ডেকে এনে দুপুর থেকে রাত পর্যন্ত কথা বলে আমরা বুঝতে পারি যে বাবা যৌন নির্যাতনের সঙ্গে জড়িত নন।”

পরে মেয়েটিকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হলে সে সত্য কথা বলেছে বলে এসপি জানান।

রুমা নামের এক নারী বাবা-ভাইয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের কথা বলতে শিখিয়ে দিয়েছেন বলে মেয়েটির ভাষ্য।

এসপি বলেন, “সে আদালতে জবানবন্দিতে বলেছে, ‘আমাকে যৌন নির্যাতন করা হয় নাই। আমি মেডিকেল টেস্ট করাতে চাই না। ওই মহিলা (রুমা) আমাকে প্রলোভন দেখিয়েছে। টাকা দিয়ে বলেছে যে তোর ভাই আর বাবার বিরুদ্ধে এসব কথা বলবি।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহজাহান বলেন, “মেয়েটি এসব কথা আমাদের কাছে বলে নাই, বরং কোর্টে বলেছে। এজন্য আগেই তার ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখন বুঝতে পারছি তার ভাই নির্দোষ। আমরা এ মামলায় ফাইনাল রিপোর্ট দিয়ে দেব এবং ছেলেটি সংশোধনাগার থেকে জামিনে বেরিয়ে যাবে।”

গত ১৭ মার্চ ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাবা ও ছেলেকে ডেকে নিয়ে শ্রেণিকক্ষে আটকে নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে।

সর্বশেষ গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানোর কথা জানিয়ে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, রুমাকে গ্রেপ্তারে অভিযান চলছে। উপজেলার মাঝকান্দির নাজিমউদ্দিনের মেয়ে রুমার নেতৃত্বে তাদের নির্যাতন করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর।

ফরিদপুরে স্কুলের শ্রেণিকক্ষে কিশোর ও তার বাবাকে নির্যাতনে যুবক গ্রেপ্তার