রাবিতে এগারো দিনে ৬৮ শিক্ষার্থী জন্ডিসে আক্রান্ত
উপসর্গের ভিত্তিতে গত ১৫ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ১৪৬ শিক্ষার্থীকে পরীক্ষা করানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এগারো দিনের ব্যবধানে ৬৮ জন শিক্ষার্থী জন্ডিসে আক্রান্ত হয়েছেন।
উপসর্গের ভিত্তিতে গত ১৫ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ১৪৬ শিক্ষার্থীকে পরীক্ষা করানো হয়। তাদের মধ্যে ৬৮ জনের শরীরে জন্ডিস ধরা পড়ে বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক মো. হাবিবুর রহমান জানান।
চিকিৎসা কেন্দ্রটির তথ্যমতে, এগারো দিনের ব্যবধানে জন্ডিসে আক্রান্তের হার গড়ে ৪৬ শতাংশে দাঁড়িয়েছে।
তবে এতে আতঙ্কিত না হয়ে শিক্ষার্থীদের পর্যাপ্ত বিশ্রাম, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর খাবার গ্রহণের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুপারিশ করেছেন হাবিবুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত এক মাসে জন্ডিসে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে।”
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক তবিবুর রহমান শেখের ভাষ্য, “শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, পুরো রাজশাহীতেই জন্ডিসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ নিয়ে খুব একটা আতঙ্কের কিছু নেই; একটু সচেতন হলেই বিষয়টি মোকাবিলা করা সম্ভব।”
বিশ্রাম, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর খাবার গ্রহণের মধ্য দিয়ে এ রোগ থেকে নিরাময় পাওয়া সম্ভব বলেও আশ্বস্ত করেন এ চিকিৎসক।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল জাবের আহমেদ বলেন, “নির্বাচনের পরপরই হাল্কা জ্বর নিয়ে বাসা থেকে ক্যাম্পাসে ফিরি। এরপর ক্রমশ শরীর খারাপ হতে থাকে। পরিস্থিতি আরও খারাপ হলে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়। বিভিন্ন টেস্ট শেষে চিকিৎসক জানান, হেপাটাইটিস ‘এ’ অর্থাৎ জন্ডিসে আক্রান্ত হয়েছি।”
“আমার মনে হয়, ক্যাম্পাসের অধিকাংশ খাবারের দোকানই স্বাস্থ্যবিধি মেনে চলে না। যেকারণে আমার মতো অনেকেই আক্রান্ত হচ্ছেন। এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া উচিত,” বলেন এ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী মনিরুল ইসলাম জানান, গত ২০ জানুয়ারি থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। সহপাঠীদের অনেকেই জন্ডিসে আক্রান্ত হচ্ছেন জেনে নিজেও একই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পরীক্ষা করালে তারও জন্ডিস ধরা পড়ে।
তিনি বলেন, “ক্যাম্পাসের ভ্রাম্যমাণ দোকানগুলোর খাবার খুব একটা স্বাস্থ্যসম্মত নয়। পাশাপাশি যে ড্রামে পানি রাখা হয়, সেটাও পরিষ্কার নয়।”
এসব কারণে স্বাস্থ্যঝুঁকিতে আছেন দাবি করে এ শিক্ষার্থী বলেন, “জাবি প্রশাসনের কাছে দ্রুতই এসবের বিরুদ্ধে কার্যকারী ব্যবস্থা নেওয়া উচিত।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সুলতান-উল-ইসলাম বলেন, “জানার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদেরও সচেতন থাকতে হবে।”
বাইরের পানি পান না করে টিউবওয়েল বা সাবমার্সিবলের বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দেন তিনি।
