২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাস-অটোভ্যান সংঘর্ষ: আরও দুজনের মৃত্যু

এ নিয়ে মৃত্যু দাঁড়াল তিনে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 07:22 PM

Updated : 25 Feb 2023, 07:22 PM

নওগাঁর পত্নীতলায় বাস ও ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু দাঁড়াল তিনে।

শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন: উপজেলার আমিনাবাদ গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে ভ্যান চালক মিজানুর রহমান (৪৫), পাহাড়কাটা গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী শরিফা খাতুন (৪৫)।

গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড় এলাকায় এ ঘটনায় শানজিদা খাতুন (২৬) নামের এক নারী নিহত হন। শিশুসহ আহত ছিলের পাঁচজন; তাদের মধ্যে শনিবার মারা গেলেন দুজন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, শিশু-নারীসহ কয়েকজন ভ্যানযোগে নজিপুর সদর থেকে পাহাড়কাটায় যাচ্ছিলেন। ভ্যানটি আমবাটি মোড় এলাকায় পৌঁছলে ধামইরহাট থেকে ছেড়ে আসা নজিপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা পাহাড়কাটা গ্রামের শরিফা খাতুন, শামীম রেজা, শানজিদা খাতুন, সোহান ও ভ্যানচালক মো. মিজানুর রহমান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শানজিদাকে মৃত ঘোষণা করেন।

অন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়।

পলাশ দেব আরও বলেন, আহত পাঁচজনের মধ্যে শনিবার ওই হাসপাতালে চিকিৎসাধীন এ দুজনের মৃত্যু হয়।

বাসটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।