চাকরির পরীক্ষা দিতে লাইনে, ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর
গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় ট্রাক চাপায় দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাসেম ল্যাম্প কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কোনাবাড়ী থানার ওসি এ কে এম আশরাফ উদ্দিন জানান।
নিহতরা হলেন- নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গণ্ডা এলাকার রুহুল আমিনের স্ত্রী রোজিনা আক্তার বিপাশা (২৫) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা এলাকার আলেক হোসেনের মেয়ে আয়েশা মনি (২৩)।
বিপাশা কোনাবাড়ী এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থেকে কারখানায় শ্রমিকের কাজ করতেন। আয়েশাও একটি কারখানার শ্রমিক।
পুলিশ জানায়, আরও একটু ভাল বেতনের আশায় অন্য অনেকের সঙ্গে বিপাশা ও আয়েশা কাসেম ল্যাম্প কারাখানায় চাকরি দিতে এসেছিলেন। তারা পরীক্ষা দেওয়ার জন্য কারখানার গেইটের বাইরে লাইনে অপেক্ষা করছিলেন।
এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে গেইট ভেঙে কারখানার ভিতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই বিপাশা মারা যান।
আয়েশা মনিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আড়াইটার দিকে তিনি মারা যান।
ওসি আশরাফ বলেন, ট্রাকটি চালকের সহকারী (১৪) চালাচ্ছিল। সে ট্রাক চালানো শিখছিল। তাকে আটক করা হয়েছে।
