২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের ছুরিকাঘাতে কিশোর নিহত

পুলিশ বলছে, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 12:55 PM

Updated : 10 Dec 2022, 12:55 PM

বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব বিরোধের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

বাগেরহাটের পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেলের সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গুলিশাখালী গ্রামের সমাদ্দার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত টুটুল হাওলাদার (১৬) ওই এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে। তার লাশ বাগেরহাট রাজিয়া নাসের আড়াইশ শয্যা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় অভিযোগের মুখে থাকা ২০ বয়সী রুবেল পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযানে চালাচ্ছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গুলিশাখালী গ্রামের সমাদ্দারপাড়ায় বড় পর্দায় ব্রাজিল ও ক্রোয়েশিয়া বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন করে স্থানীয়রা। খেলা চলার সময় হঠাৎ করে টুটুলের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে রুবেল পালিয়ে যায়।

পরে আশেপাশে লোকজন টুটুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত রক্তক্ষরণে টুটুলের মৃত্যু হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, “টুটুলের সঙ্গে তার প্রতিবেশী রুবেলের পূর্ব বিরোধ ছিল। এর জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।“