২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরার বিধানসভা নির্বাচনের জন্য ২ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দর

তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2023, 03:29 PM

Updated : 15 Feb 2023, 03:29 PM

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার চালু থাকবে।   

বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় শনিবার থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হবে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিধানসভা নির্বাচনের জন্য দুইদিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার জন্য ভারতীয় ব্যবসায়ীরা চিঠি দিয়েছেন। এর প্রেক্ষিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এই স্থলবন্দর দিয়ে ছুটির দিন ব্যতিত প্রতিদিন দেড় থেকে দুই লাখ মার্কিন ডলার মূল্যের মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয় বলে জানিয়েছেন সংশ্ষ্টিরা।