২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খানাখন্দে কুমিল্লা নগরীর ৩ কিলোমিটার এলাকায় দুর্ভোগ

কুমিল্লা সিটি করপোরেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে সবশেষ সড়কটির সংস্কার হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 07:21 PM

Updated : 25 Jan 2024, 07:37 PM

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে ধর্মপুর পর্যন্ত তিন কিলোমিটার সড়ক ভাঙাচোরা ও গর্তে ভরা। সামান্য বৃষ্টিতেই সেখানে পানি আর কাদায় একাকার হয়। খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা মডার্ন প্রাইমারি ও হাইস্কুল, ফরিদা বিদ্যায়তন, ইন্টারন্যাশনাল স্কুল ও কুমিল্লা আইন কলেজে যায়। এছাড়া রানীরবাজার, রেলস্টেশন, শাসনগাছা বাস টার্মিনাল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ সড়ক জাগুরজুলি পর্যন্ত লোকজন যাতায়াত করে। বিসিক শিল্পনগরী ও খাদ্যগুদামের গাড়িও চলে এ পথে।

কুমিল্লা সিটি করপোরেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে সবশেষ বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ‘এমজিএসপি’ প্রকল্পের আওতায় কান্দিরপাড় থেকে ধর্মপুর মোড় পর্যন্ত তিন কিলোমিটার সড়কের সংস্কার কাজ হয়। কিন্তু ছয়মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। দক্ষিণ পাশে পানি নামার নালা বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতে পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়। ফলে সড়কটি কোনোভাবেই আর রক্ষা করা যায় নাই।

এরপর দীর্ঘদিন ওই সড়কে আর কোন সংস্কার না হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। যদিও ‘অল্পদিনের’ মধ্যেই সড়টি মেরামতের আশ্বাস দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল-আমিন সাদী।

কান্দিরপাড় থেকে ধর্মপুর পর্যন্ত ঘুরে দেখা গেছে, কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ এলাকায় সড়ক ভেঙেচুরে একাকার। কাত্যায়ানী কালীবাড়ি, কর ভবন ও রানীর বাজার এলাকায়ও ছোট-বড় অসংখ্য গর্ত। সবচেয়ে বেশি খারাপ অবস্থা অশোকতলা মোড় এলাকায়; ওই এলাকার পশ্চিম পাশেও প্রচুর গর্ত। ভারুল বাড়ির সামনে ও জেলা ও দায়রা জজের বাসভবনের উত্তর পাশে যতদূর চোখ যায় গর্ত আর গর্ত। সেখানে পিচ উঠে গেছে; খোয়া উঠে পানি জমে আছে।

অশোকতলা এলাকার জাহিদ হাসান নাঈম বলেন, “সড়টির সংস্কারের দায়িত্ব কুমিল্লা সিটি করপোরেশনের হলেও বছরের পর বছর ধরে তাদের কোন হেলদোল নেই। তারা মাঝে মাঝে ইট-সুড়কি দিয়ে জোড়াতালি মারলেও যানবাহনের চাপে টেকে বড়জোর এক সপ্তাহ।

“প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কের পিচ-কার্পেটিং উঠে গেছে বহু আগেই। সড়কটি এড়িয়ে অন্য পথ ধরলে তিন কিলোমিটার বেশি ঘুরতে হয়। ফলে খানাখন্দে ভরা এ রাস্তায় চলতে নিয়মিত দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকরা; ঝুঁকি নিয়ে চলছে যাত্রী ও পথচারীরা।”

একই এলাকার জুনায়েদ চৌধুরী বলেন, “কিছুদিন আগে আমার মাকে ডাক্তার দেখাতে এ পথ দিয়ে কুমিল্লা টাওয়ার হাসপাতালে যাচ্ছিলাম। কিন্তু ধর্মপুর চৌমুহনী থেকে রানীরবাজার পর্যন্ত যাওয়ার সময় আমার মা আরও অসুস্থ হয়ে গিয়েছিলেন। বারবার মনে হচ্ছিল, এই বুঝি রিকশা উল্টে যাবে। ঝাঁকুনিতে মনে হচ্ছিল হাড় ভেঙে যাবে। এগুলো দেখার কি কেউ নেই ?”

সড়কটি দিয়ে নিয়মিত চলাচল করেন নগরীর ঠাকুরপাড়া এলাকার জসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, “প্রায়ই রিকশা, ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন গাড়ি উল্টে যেতে দেখি। গর্তে আটকা পড়ছে প্রাইভেটকার ও মালবাহী কভার্ডভ্যান। তাছাড়া ভাঙাচোরার কারণে একপাশ থেকে গাড়ি এলে অন্য পাশের গাড়িকে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়।”

দীর্ঘদিন ধরে সড়কটির সংষ্কার না হওয়ার পেছনে কুমিল্লা সিটির সাবেক মেয়রের আন্তরিকতার অভাবকে দায়ি করলেন বর্তমান ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদী।

তিনি বলেন, “সাবেক মেয়রের আন্তরিকতার অভাবে ছিল বলে কান্দিরপাড় থেকে ধর্মপুর পর্যন্ত সড়কের সংস্কার হয় নাই। তবে এরই মধ্যে দরপত্র আহ্বানসহ সকল প্রক্রিয়া শেষ হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই সড়টির কাজ শুরু হবে।

“এবার ভালোভাবেই সড়কটি সংষ্কার হবে। আশা করছি, মানুষের এই দুর্ভোগ শেষ হবে দ্রুতই।”