২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে হাত-পা ভেঙে হত্যা: আসামি আওয়ামী লীগ নেতা

মামলার প্রধান আসামি তাহিরপুর কয়লা আমদানি গ্রুপের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন তালুকদার।

সুনামগঞ্জে হাত-পা ভেঙে হত্যা: আসামি আওয়ামী লীগ নেতা

সাকিব রহমান

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 06:01 PM

Updated : 26 Apr 2023, 06:01 PM

সুনামগঞ্জের তাহিরপুরে রাস্তা থেকে তুলে নিয়ে হাত-পা ভেঙে ও পায়ের নখ তুলে এক যুবককে হত্যার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

নিহত সাকিব রহমানের বাবা মুজিবুর মিয়া মঙ্গলবার রাতে তাহিরপুর থানায় এই মামলা দায়ের করেন। 

মামলার প্রধান আসামি তাহিরপুর কয়লা আমদানি গ্রুপের সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন তালুকদার। 

অন্য আসামিরা হলেন মহিনুর তালুকদার, মোশাহিদ তালুকদার, মোনায়েম হোসেন রাজু, রফি তালুকদার, নূরুজ আলী, আব্দুল কাহার, আব্দুল বাহার, পটল তালুকদার ও শামসু মিয়া। 

তবে এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। 

সোমবার রাতে তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের উল্লাসের মোড় থেকে সাকিব রহমানকে তুলে নিয়ে হাত-পা ভেঙে, নখ তুলে হত্যা করে একদল লোক।

সাকিব রহমান (২৫) ঘাগটিয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে। 

মামলার বিবরণ ও নিহতের বাবার সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতে বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের উল্লাসের মোড় থেকে সাকিব রহমানকে তুলে নিয়ে যায় ১০-১২ জন লোক। তারা মোশারফ হোসেন তালুকদারের বাড়িতে নিয়ে বেদম মারদর করে তাকে। এতে অজ্ঞান হয়ে গেলে তার হাত-পা ভেঙে দেয়। এক পর্যায়ে পায়ের নখ তুলে নেয়।

গভীর রাতে খবর পেয়ে ছেলেকে উদ্ধার করতে তার বাবা মুজিবুর রহমান আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন তালুকদারের বাড়ি গেলে তাকেও লাঞ্ছিত করা হয় এবং হত্যার হুমকি দেয়। এরপর তিনি পালিয়ে আসেন। সকালে খবর পান তার ছেলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়; কিন্তু পথেই তার মৃত্যু হয়। 

সাকিবের বাবা মুজিবুর রহমান বলেন, মোশারফ হোসেন তালুকদার এলাকার একচ্ছত্র প্রভাবশালী। তার বাহিনী তার নির্দেশে তার ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে হাত-পা ভেঙে পায়ের নখ তুলে হত্যা করেছে। এর আগে ২০১৯ সালে তারা সাকিবকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করেছিল এবং তাদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে দিয়েছিল। 

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে নির্মমভাবে হত্যার ঘটনায় দশজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। লাশ এখনও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পোস্ট মর্টেম ও সুরত হাল রিপোর্ট শেষে সুনামগঞ্জে পাঠানো হবে। 

মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি। 

 আরও পড়ুন

তাহিরপুরে হাত-পা ভেঙে, নখ তুলে যুবককে হত্যা