টঙ্গীতে ৪ হাসপাতালে র্যাবের অভিযান, জরিমানা
র্যাব জানায়, চার হাসপাতালকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুরের টঙ্গীতে চারটি হাসপাতালে অভিযান চালিয়ে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মো. আহনাফ।
তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র্যাব-১ এর একটি দল টঙ্গী এলাকায় বেলা ১১টা থেকে দুপুর পৌনে দুইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গাজীপুরের সহকারী সিভিল সার্জন এফ এম আহসানউল্লাহ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন আহসানউল্লাহ বলেন, স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় টেকনেশিয়ান এবং কাগজপত্র না থাকায় টঙ্গী স্টেশন রোড এলাকার মাইশা জেনারেল হাসপাতালকে এক লাখ, সেবা শুশ্রূষা হাসপাতালকে ৫০ হাজার, ফাতেমা জেনারেল হাসপাতালকে ৮০ হাজার, নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বলেন, বর্তমানে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেবার মান তলানিতে।
অসাধু ব্যবসায়ীরা অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
