২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় গৃহবধূকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

কুষ্টিয়ায় গৃহবধূকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2023, 09:24 PM

Updated : 01 Mar 2023, 09:24 PM

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত ১ এর বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান।

রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যা অনাদায়ে তাদের আরও ছয়মাস করে কারাবাসে থাকতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন: মিরপুর উপজেলার নফরকান্দি মাজিহাট গ্রামের বাসিন্দা জান আলীর ছেলে আব্দুস সামাদ (৪৮), শামসুল আক্তার বাগুজার ছেলে মতিয়ার রহমান বাগুজা (৩৮) এবং আব্দুল গণি সর্দারের ছেলে সলিম সর্দার (৪৫)।  

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।

মামলার নথির বরাতে পিপি জানান, ২০১৫ সালের ৯ অগাস্ট রাতে মিরপুর উপজেলার একটি গ্রামের এক গৃহবধূ (৩৫) প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে যান। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা তাকে অপহরণ করেন। পরে পাশের একটি মাঠে নিয়ে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে যায়। পরদিন সকালে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ১৭ ডিসেম্বর মিরপুর থানার তৎকালীন এসআই রাজিব শিকদার পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে প্রতিবেদন দেন।

পিপি অনুপ কুমার নন্দী আরও বলেন, মামলায় চয়েন মণ্ডল নামের এজাহারভুক্ত এক আসামিকে খালাস এবং মৃত্যু হওয়ায় বিমল বাগুজা নামের আরেক আসামিকে অব্যহতি দেওয়া হয়।