নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাইয়ের
শিশুদের পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে পল্লীবিদ্যুতের মিটারের আর্থিং তার ছুঁয়ে দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই।
পরিবারের দাবি, পল্লীবিদ্যুতের মিটারের আর্থিং তার ছুঁয়ে দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তবে পল্লীবিদ্যুতের কর্মকর্তার দাবি ঘরের ভেতরে থাকা সংযোগের স্পর্শে শিশুদের মৃত্যু হয়েছে।
রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম।
মারা যাওয়া শিশুরা হলো ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫)।
শিশুদের পরিবার ও স্থানীয়দের বরাতে ঘটনাস্থলে যাওয়া পেমই পুলিশ ফাঁড়ির এসআই বাবুল বলেন, সকালে বাড়ির আঙিনায় খেলছিল দুই ভাই। এ সময় প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের মিটারের আর্থিং তারে স্পর্শ করলে দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মিটারের আর্থিংয়ের জন্য থাকা তারটি কোনভাবে বিদ্যুতায়িত হয়েছিল। ধারনা করা হচ্ছে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তবে এ বিষয়ে পল্লীবিদ্যুতের কেন্দুয়া আঞ্চলিক কেন্দ্রের উপ ব্যবস্থাপক ওমর ফারুক দাবি করেন, ওই বাড়ির ঘরে থাকা ফ্রিজের সঙ্গে থাকা ত্রুটিপূর্ণ সংযোগের সংস্পর্শে দুই শিশুর মৃত্যু হয়েছে।
কেন্দুয়া থানার ওসি তরিকুল বলেন, আইনগত কার্যক্রম শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
