বিএনপির সমাবেশ: বরগুনার নেতা-কর্মীরা বরিশাল যাচ্ছেন ট্রলারে
বরগুনা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা শুক্রবার সন্ধ্যায় বরিশাল রওনা হন।
লঞ্চ ও বাস বন্ধ থাকায় বরগুনা থেকে বরিশাল যেতে বিএনপির নেতা-কর্মীরা ট্রলার ও মালবাহী নৌ-যান বেছে নিয়েছেন।
বরগুনা সদর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে তারা শুক্রবার সন্ধ্যার দিকে বরিশাল রওনা হয়েছেন।
বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহাবুবুল আলম ফারুক মোল্লা জানিয়েছেন, তারা আট হাজার নেতাকর্মী নিয়ে বরিশালে সমাবেশস্থলে অবস্থান করছেন। শুক্রবার ট্রলার ও কার্গোতে আরও পাঁচ হাজার নেতা-কর্মী রওনা হয়েছেন।
বরিশালে তারা খোলা স্থানে তারা রাতযাপন করছেন; রান্নাও সমাবেশের মাঠে হচ্ছে বলে তিনি জানান।
বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু বলেন, সর্বশেষ লঞ্চ, বাস, মাইক্রোবাসসহ তিন চাকার যানের পর খেয়া পারাপারও বন্ধ করা হয়েছে।
“এ কারণে বৃহস্পতিবার ও শুক্রবার বরগুনা নদীবন্দর সংলগ্ন এলাকা থেকে গত দুই দিনে শতাধিক নৌ-যানে অন্তত ১০ হাজার নেতাকর্মী বিএনপির বিভাগীয় সম্মেলনে যোগ দিতে বরিশাল যাত্রা করেছেন।”
শনিবার বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় সম্মেলন।
সড়ক পথে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় নিরাপদে সমাবেশ স্থলে পৌঁছাতে এ পথ বেছে নিয়েছে বরগুনা জেলা বিএনপি।
বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ বলেন, “সরকার আমাদের সমাবেশে যোগদানে বাধা দিতে নেতাকর্মীদের গ্রেপ্তার করতে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে। আমরা সরকারের এ ফাঁদে পা না দিতে ঘর থেকে বাইরে রাত কাটানোর সিদ্ধান্ত নিই। তাদের এ কৌশল এড়াতে আমরা নদীপথে এবং আগেভাগে সড়ক পথে বরিশাল আসি।”
সমাবেশে হাজার নেতাকর্মীরা যোগদান করেছেন এবং এখানে এসে তারা নিজেদের টাকায় খিচুড়ি রান্না করে খাচ্ছেন বলে জানান।
অন্যদিকে, সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় বরগুনা বাস মালিক সমিতি।
তাদের দাবি অটোরিকশা চলাচলের কারণে দুর্ঘটনার শিকার হতে হয়। এতে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির পাশাপশি পরিবহন ব্যবসায়ীদেরও ক্ষতি হয়। তাই তারা এ ধর্মঘট ডেকেছেন।
আরও পড়ুন:
