১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

যমুনায় অভিযানে জব্দ ‘কোটি টাকার’ জাল পুড়িয়ে ধ্বংস

অভিযানে প্রায় ১ লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৯টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 09:22 PM

Updated : 17 Oct 2026, 09:22 PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অভিযান চালিয়ে ‘প্রায় কোটি টাকা’ মূল্যের জাল জব্দ করার পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার যমুনা নদীবেষ্টিত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৯টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

শনিবার এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান।

তিনি বলেন, প্রায় কোটি টাকা মূল্যের জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের এ অভিযান ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

অভিযানকালে বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায় উপস্থিত ছিলেন।