রাজবাড়ীতে দুই ইলিশ বিক্রি ১৬ হাজার টাকায়
পদ্মায় জালে আটকা দুই ইলিশের ওজন চার কেজির বেশি বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ী।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে আটকা দুই ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে স্বদেশ হালদারের জালে মাছ দুটি আটকা পড়ে বলে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান জানান।
স্থানীয়দের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্বদেশ হালদারসহ কয়েকজন জেলে ভোরে নদীতে মাছ শিকারে যায়। সকাল ৭টার দিকে নদী থেকে জাল তুলতেই বড় দুইটা ইলিশ দেখতে পান স্বদেশ।
“মাছ দুটির ওজন ৪ কেজি ১৮০ গ্রাম। এ সময় স্থানীয় এক ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন।”
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে ১৫ হাজার ৮৮৪ টাকায় ইলিশ দুটি কিনে নেই।
“পরে ঢাকার এক ক্রেতার কাছে ৫০০ টাকা লাভে ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি করেছি।”
মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান আরও জানান, ইশিল গভীর জলের মাছ। এদের বিচরণ নদীর গভীরে। নাব্য সংকটের কারণে পদ্মায় গভীরতা কমে গেছে। যে কারণে মাঝে মধ্যেই জালে বড় বড় ইলিশ আটকা পড়ছে।
